খুলনার ইলাক্সে ওপেন সোর্স নেটওয়ার্ক
খুলনার ইনস্টিটিউট অব লাইব্রেরি, আর্ট, কমার্স অ্যান্ড সায়েন্সে (ইলাক্স) যাত্রা শুরু করেছে ইলাক্স ওপেন সোর্স নেটওয়ার্ক (আইওএসএন)। গতকাল শনিবার ইলাক্স মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইলাক্সের অধ্যক্ষ এম এ কাইয়ূমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে যেতে হলে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। ইলাক্স ওপেন সোর্স নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত হয়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহাবুবুর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আজহারুল হাসান, ডিজিটাল বাংলাদেশ খুলনা ফোরামের আহ্বায়ক শেখ আবদুল কাইয়ুমসহ অনেকে।বক্তারা বলেন, ছাত্ররাই ভবিষ্যৎ বাংলাদেশের হাল ধরবে। তারা যদি তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে অগ্রসর না হয়, তাহলে আমাদের উন্নয়ন সম্ভব নয়। তাই ইলাক্সের পাশাপাশি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেও এ ধরনের উদ্যোগ নিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।—মনোজ কুমার মজুমদার, খুলনা অফিস