খুলনায় অ্যাপ্লিকেশন নির্মাতাদের বুট ক্যাম্প

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নির্মাতাদের নিয়ে ৫ মে খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে একদিনের জাতীয় বুট ক্যাম্প। এই ক্যাম্পে ৫০০ জনেরও বেশি অ্যান্ড্রয়েডভিত্তিক অ্যাপ্লিকেশন নির্মাতা অংশ নেন। এ ধরনের আয়োজনের ক্ষেত্রে এই বুট ক্যাম্পকে দেশের সবচেয়ে বড় জাতীয় বুট ক্যাম্প হিসেবে দাবি করেছে বুট ক্যাম্প পরিচালনাকারী সংস্থা এমসিসি।
অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরির বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা ছাড়াও অ্যাপ্লিকেশন তৈরির অসুবিধা দূর করতে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। দক্ষ অ্যাপ্লিকেশন নির্মাতারা এই বুট ক্যাম্পে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন।
বুট ক্যাম্পে জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির কর্মসূচীর আওতায় খুলনা বিভাগের ১০টি জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ডেভেলপাররা অংশ নেন।
বুট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান। বুট ক্যাম্পের বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলমগীর ও খুলনা জেলার জেলা প্রশাসক আনিস মাহমুদ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব ও কর্মসূচী পরিচালক মোহাম্মদ আবুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন এমসিসির প্রধান নির্বাহী আশ্রাফ আবির।
এর আগে গত ১৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা বিভাগের বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে সারাদেশ থেকে ৪০০ জন অংশ নেন।
পুরো প্রকল্পে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট, গুগল ডেভেলপার গ্রুপ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, কিউবি ও টেলিটক।