খুলনায় কম্পিউটার মেলা শুরু
বিভাগীয় শহর খুলনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কম্পিউটার মেলা। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক গতকাল সোমবার মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে রূপকল্প-২০২১ বাস্তবায়ন করতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে চলছে। খুলনার কম্পিউটার মেলা এ কাজের ধারাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। নগরের জলিল টাওয়ার কম্পিউটার মার্কেটে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মেলা। কম্পিউটার সমিতি খুলনার সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা সৈয়দ মনিরুল ইসলাম, উপদেষ্টা হাবিবুর রহমান ও খুলনা শাখার চেয়ারম্যান মো. নূরুল ইসলাম। বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, মেলা কমিটি আহ্বায়ক আহমেদ কবীর প্রমুখ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশমূল্য ১০ টাকা ধার্য করা হলেও স্কুলশিক্ষার্থীদের জন্য কোনো প্রবেশমূল্য প্রয়োজন হবে না। মেলায় জলিল টাওয়ায়ের কম্পিউটার বাজারের ৩৯টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিটি স্টলেই বিভিন্ন প্রযুক্তি পণ্যে ছাড় ও উপহারের ব্যবস্থা থাকছে। মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশ টিভি, দৈনিক সময়ের খবর ও খুলনা নিউজ ওয়েবসাইট। —নিজস্ব প্রতিবেদক, খুলনা