খুলনায় কাল থেকে কম্পিউটার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) খুলনা শাখার উদ্যোগে আগামীকাল বুধবার থেকে নগরের টাইগার গার্ডেন হোটেলে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি মেলা। ‘বিসিএস ডিজিটাল এক্সপো-খুলনা ২০১০’ নামের এ মেলা চলবে পাঁচ দিন ধরে। গতকাল সোমবার দুপুরে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সহসভাপতি কাজী আশরাফুল আলম।সম্মেলনে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ গড়তে কম্পিউটার সমিতি এককভাবে আবার কখনো সরকারের সঙ্গে যৌথভাবে দেশ-বিদেশে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। খুলনার এই মেলা শুরুর পর ১৮ ফেব্রুয়ারি ‘ডিজিটাল বাংলাদেশ: প্রেক্ষাপট খুলনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হবে। সম্মেলনে আরও জানানো হয়, এবার মেলায় ৩৩টি প্রতিষ্ঠান প্রযুক্তিপণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলায় বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকবে। গেম খেলার জন্য আলাদা একটি জায়গাও রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলার প্রবেশ মূল্য ১০ টাকা, তবে স্কুলের শিক্ষার্থীদের কোনো টিকিট লাগবে না। —সামছুজ্জামান, খুলনা