খুলনায় চলছে ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার নিউ হোটেল টাইগার গার্ডেনে গত শনিবার থেকে শুরু হয়েছে বিসিএস ডিজিটাল এক্সপো খুলনা-২০১২ নামের তথ্যপ্রযুক্তির মেলা। ‘ডিজিটাল শিক্ষাই ডিজিটাল বাংলাদেশের ভিত্তি’—স্লোগান নিয়ে এ মেলা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এর আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। সহযোগিতা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল। খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ, খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আজমল আহমেদ তপন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজউল্যাহ খান, বিসিএস খুলনা কমিটির চেয়ারম্যান নুরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।নানা ধরনের তথ্যপ্রযুক্তিপণ্য ও সেবা এ মেলায় দেখানো হচ্ছে। তথ্যপ্রযুক্তির ২৭টি স্থানীয় প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করছে। প্রায় ২০ হাজার বর্গফুট স্থানজুড়ে আয়োজিত এ প্রদর্শনীতে আছে ৩৯টি স্টল।গতকাল মেলার দ্বিতীয় দিনে দর্শকদের বেশ আগ্রহ দেখা যায় নতুন নতুন প্রযুক্তি পণ্যে। প্রতিদিন সন্ধ্যায় সাস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও প্রতিদিনের টিকিটের ওপর রয়েছে র‌্যাফল ড্র। মেলায় দর্শকদের জন্য আছে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। অনলাইন ভিডিও স্ট্রিমিং, আইপি টিভি, অনলাইন রেডিও, ইন্টারনেট গেমিং ইত্যাদি ব্যবহারের ব্যবস্থা থাকছে। আর শিশুদের জন্য থাকছে ভিডিও গেম খেলার সুযোগ। মেলা উপলক্ষে স্থানীয় একজন কৃতী ছাত্রীকে ল্যাপটপ কম্পিউটার উপহার হিসেবে দিয়েছে কম্পিউটার সোর্স লিমিটেড। শনিবার মেলা প্রাঙ্গণে মাল্টি টেক কম্পিউটারের স্বত্বাধিকারী এস এম ফজলুল হকের মেয়ে ফাতেমা রোকাইয়ার হাতে ল্যাপটপ তুলে দেন কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খান। রোকাইয়া এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়। মেলায় প্রবেশ টিকিটের দাম ১০ টাকা। তবে স্কুল-শিক্ষার্থীরা বিনা মূল্যে মেলা দেখতে পারবে। —কাজী আবদুল্লাহ, খুলনা