খুলনায় ডিজিটাল মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার খুলনায় শুরু হয়েছে ডিজিটাল মেলা। হোটেল টাইগার গার্ডেনে চলছে পাঁচ দিনের বিসিএস ডিজিটাল এক্সপো নামের এই মেলা। উদ্বোধনী দিনেই মেলায় মানুষের উপস্থিতি আশা জাগিয়েছে আয়োজকদের। খুলনা সিটি কলেজের ছাত্র সাঈদুর রহমান বলেন, মেলায় ল্যাপটপের ছড়াছড়ি। নানা আকার-প্রকারের ল্যাপটপ কম্পিউটার চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এলসিডি মনিটর কিনতে আসা গৃহবধূ পারভীন জামান বলেন, বাড়ির টিভিটি অনেক বড় ও ভারীও। ওটি পাল্টে এলসিডি মনিটর-টিভি খুঁজছি। দুপুর ১২টায় মেলার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খুলনা সিটি করপোরেশনের নাগরিকসেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার, সহসভাপতি কাজী আশরাফুল আলম, বিসিএস খুলনা শাখার চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ও মেলার আহ্বায়ক মুন্সী আরিফুজ্জামান বক্তৃতা করেন।খুলনার কোনো কম্পিউটার মেলায় এবারই প্রথম ঢাকার ১১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। যে কারণে মেলার আকর্ষণ এবার বেড়েছে বলে আয়োজকেরা মনে করছেন। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এ মেলায় বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করছে। এ ছাড়া আছে উপহার। স্যামসাংয়ের মনিটর, প্রিন্টার, ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের ইন্টারনাল ও এক্সটার্নাল হার্ডডিস্ক ড্রাইভ, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, ক্যামেরা, প্রজেক্টর, ডিজিটাল ফটোফ্রেম ইত্যাদি বিক্রি করছে স্মার্ট। ঢাকার প্রতিষ্ঠান খানজাহান আলী কম্পিউটার লিমিটেডের স্টলে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিষ্ঠানটি লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ এনেছে। নজর কেড়েছে ৩০ হাজার ৫০০ টাকার ছোট ল্যাপটপ কম্পিউটার। এবার মেলায় ৩৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় রয়েছে খুলনা ওপেন সোর্স নেটওয়ার্কের স্টল, যেখানে নানা ধরনের মুক্ত সফটওয়্যারের প্রদর্শন থাকছে।মেলায় বিনা মূল্যে ইন্টারনেট ও গেম খেলার ব্যবস্থা আছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এ মেলা। —সামছুজ্জামান, খুলনা