বন্দরনগর খুলনার দৈনিক প্রবাহ পত্রিকার সম্মেলন কক্ষে একঝাঁক লিনাক্সপ্রেমীর উদ্যোগে লিনাক্স মিন্ট বাংলাদেশ এবং ওপেনসুসে বাংলাদেশের সহযোগিতায় হয়ে গেল পেঙ্গুইন মেলা-২০১১। বিকেল থেকে শুরু হয় অনুষ্ঠান। নিবন্ধন শেষে লিনাক্স ব্যবহারবিধি হাতে নিয়ে অংশগ্রহণকারীরা প্রবেশ করতে থাকেন অনুষ্ঠানস্থলে। পেঙ্গুইন মেলা-২০১১ আয়োজনের খুলনার বিভাগীয় সমন্বয়ক আবু আশরাফ মাসনুন এবং খুলনার সিটি পলিটেকনিকের শিক্ষার্থী মেহেদী হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন।শুরুতেই ছিল লিনাক্স ব্যবহারকারীদের পরস্পরকে চেনাজানার পর্ব। এর পরপরই লিনাক্সে কাজ করার অভিজ্ঞতার কথা বলেন বিশ্বজিৎ চক্রবর্তী, ঢাকার বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দশম শ্রেণীর শিক্ষার্থী সোহানুর রহিম জোয়ারদার, ওপেনসুসে বাংলাদেশের প্রতিনিধি অনুপ দেবনাথ, খুলনা সিটি পলিটেকনিকের শিক্ষার্থী রিপন ঢালীসহ অনেকে।আয়োজনের দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীদের কথা বলার পালা। এতে উপস্থিত শিক্ষার্থী ও পেশাজীবীরা লিনাক্সের নানা দিক নিয়ে আলোচনা করেন।লিনাক্স ব্যবহার করতে গিয়ে নিজেদের বিড়ম্বনার কথাও বলেন তাঁরা।আয়োজনের তৃতীয় পর্বেপেঙ্গুইন মেলার প্রধান সমন্বয়ক লিনাক্স মিন্ট বাংলাদেশের প্রতিনিধি সাজেদুর রহিম জোয়ারদার আলোচনা শুরু করেন। তাঁর আলোচনার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা লিনাক্স নিয়ে নিজেদের অজানা ভীতিগুলো থেকে মুক্তি পান। তিনি লিনাক্সের ইতিহাস, কেন লিনাক্স বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশাল অবদান রাখতে পারবে, কীভাবে দেশজ সফটওয়্যার শিল্পের মানোন্নয়নে অবদান রাখতে পারে লিনাক্স ও মুক্ত সফটওয়্যার, কীভাবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব এসব নিয়েআলোচনা করেন তিনি।পাইরেসি প্রতিরোধে লিনাক্সের ভূমিকা কী হতে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। মেলার বিভিন্ন পর্বে লিনাক্স বিশেষজ্ঞ ‘রিং ভাই’ অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন ও সমস্যার সমাধান করেন।সন্ধ্যায় লিনাক্স মিন্ট বাংলাদেশের পক্ষ থেকে লিনাক্স মিন্ট ৯ ইসাডোরার ডিভিডি ও অংকুরের পক্ষ থেকে ফেডোরা ১৪-এর ডিভিডি অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়। আয়োজনে সহায়তা করেছে ‘লিভিও’। অনলাইন ফোরাম সহযোগী ছিল আমাদের প্রযুক্তি, প্রজন্ম ফোরাম, আড্ডার আসর। পার্টনার ছিল সচলায়তন এবং সৌগত ও অনুপপ্লানেট। আয়োজনের রেডিও পার্টনার ছিল অনলাইন রেডিও গুনগুন। —জেড এম মেহেদী হাসান