খুলনায় প্রথমবারের মতো ডিজিটাল উদ্ভাবনী মেলা
খুলনায় প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১০। গতকাল শনিবার এ মেলার উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষিত মানুষের পাশাপাশি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ একবার জেগে উঠেছিল, এবার তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ আবার জেগে উঠেছে।’ অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, এ প্রকল্পের উদ্দেশ্য সৎ এবং এটা জনগণের জন্য হলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে। আর এর উদ্দেশ্য ধারণ করতে পারলে ২০২১ সালের মধ্যে অবশ্যই ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব।Êঅনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান ও খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।জনপ্রশাসনে অধিকতর স্বচ্ছতা ও গতিশীলতা আনতে এটুআই প্রকল্প এবং খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নয়টিসহ মোট ৩২টি স্টল রয়েছে। এর মধ্যে খুলনা বিভাগের ১০টি জেলার ২৩টি সরকারি ও নয়টি বেসরকারি স্টল আছে।্রমেলায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক স্টলে বিভিন্ন মুক্ত সফটওয়্যার প্রদর্শন করা হচ্ছে। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প মেলায় স্তন ক্যান্সার নিরীক্ষণ থেকে চিকিৎসা পর্যন্ত তথ্যপ্রযুক্তির সফল ব্যবহার দেখাচ্ছে দর্শকদের। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে। তিন দিনব্যাপী এ মেলার সমাপন আনুষ্ঠানিকভাবে ২৮ নভেম্বর বিকেল পাঁচটায় ঘোষণা করা হলেও ২৯ নভেম্বর পর্যন্ত মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল সেবা ও সেবাবিষয়ক তথ্য কীভাবে অনলাইনে পাওয়া যাবে, তা প্রদর্শিত হবে। —মনোজ কুমার মজুমদার, খুলনা অফিস