খুলনায় মুক্ত সফটওয়্যারের কর্মশালা
খুলনা ওপেন সোর্স নেটওয়ার্ক ও খুলনা জেলা প্রশাসনের আয়োজনে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে মুক্ত সফটওয়্যার ও আউটসোর্সিং কর্মশালা। দিনব্যাপী এই আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (কুয়েট) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন। কর্মশালায় ওয়েবসাইট তৈরির জনপ্রিয় মুক্ত সফটওয়্যার জুমলা, মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু ও ফ্রি-ল্যান্স আউটসোর্সিংয়ের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অনুষ্ঠিত এক মুক্ত আলোচনা সভায় বক্তৃতা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, খুলনার জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম, ডিজিটাল বাংলাদেশ খুলনা ফোরামের আহ্বায়ক শেখ আবদুল কাইয়ুম, খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মাহাবুবুর রহমানসহ অনেকে।সভা সঞ্চালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। মুক্ত আলোচনা শেষে কুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান কে এম আজহারুল আলমকে সভাপতি এবং নাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। —নুরুন্নবী হাছিব