খুলনায় শুরু হয়েছে ডিজিটাল মেলা
‘নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ’ স্লোগান নিয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) খুলনা শাখার উদ্যোগে গতকাল শনিবার থেকে খুলনায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো-২০১১। নগরের টাইগার গার্ডেন হোটেল চত্বরে দুপুরে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশের সামগ্রিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য সর্বত্র তথ্যপ্রযুক্তির আলো পৌঁছানো প্রয়োজন।অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন বিসিএস খুলনা শাখার চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। আরও বক্তৃতা দেন মেলার কেন্দ্রীয় সমন্বয়কারী শাহিদ-উল-মনির, আহ্বায়ক মনিরুল ইসলাম, বাংলা লায়নের আবুল কালাম আজাদসহ অনেকে।পাঁচ দিনের এ মেলায় কম্পিউটারের নানা পণ্য এবং নতুন নতুন প্রযুক্তি দেখানো হবে। মেলায় একাধিক সেমিনার, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, কম্পিউটার গেম প্রতিযোগিতা, প্রযুক্তিপণ্য নিয়ে ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে। এ ছাড়া প্রবেশ টিকিটের ওপর আছে র্যাফল ড্র। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। টিকিটের দাম ১০ টাকা।মেলার পৃষ্ঠপোষকতা করছে বাংলা লায়ন, গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড, কমভ্যালি লিমিটেড, ইউনাইটেড কম্পিউটার সেন্টার ও সেফ আইটির কনিকা মিনলটা প্রিন্টার। —নিজস্ব প্রতিবেদক, খুলনা