খুলনায় শেষ হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এবং খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত খুলনা বিভাগের ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১০ শেষ হয়েছে। গতকাল সোমবার খুলনা পাবলিক হলে তিন দিনের এ মেলা শেষ হয়। এর আগে গত রোববার সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।রোববারের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান ও ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১০ উপলক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অর্জন ও কর্মপরিকল্পনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নতুন প্রজন্মকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করলে আমাদের সময় বাঁচবে। সে সময় অন্য কাজে ব্যবহার করে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারব এবং আমাদের দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কার্যনির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলমগীর ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত এ মেলায় খুলনা বিভাগের ১০টি জেলার সরকারি পর্যায়ের ২৪টি এবং বেসরকারি পর্যায়ের ১১টি স্টল অংশ নেয়। স্টলগুলো থেকে সর্বসাধারণের জন্য তাদের পক্ষ থেকে দেওয়া ডিজিটাল সেবা তুলে ধরা হয়। —মনোজ কুমার মজুমদার, খুলনা অফিস