খুলনায় সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করতে খুলনার চলন্তিকা যুব সোসাইটির উদ্যোগে গত শনিবার সকালে শহীদ হাদিস পার্কে এক ভোট প্রচারণা ও নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রচারণার উদ্বোধনকালে বলেন, মায়ের মতো ভালোবেসে সুন্দরবনকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। চলন্তিকা যুব সোসাইটির চেয়ারম্যান মো. খবিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মুখ্য আলোচক সুন্দরবন সমর্থক কমিটি বাংলাদেশের আহ্বায়ক লিয়াকত আলী বলেন, আর প্রায় ৪০ দিনের মধ্যে ভোট দিতে হবে। বক্তব্য দেন সাবেক বিরোধীদলীয় হুইপ শেখ হারুনুর রশীদ, মহানগর খুলনা-২-এর সাংসদ নজরুল ইসলাম, খুলনা-১ সাংসদ ননী গোপাল মণ্ডল, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নূর আফরোজ আলী, সুন্দরবন পশ্চিম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ, জাকির হোসেন, অধ্যাপক শীবেন্দ্র শেখর শিকদার, মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম, রফিকুল ইসলাম, সাংবাদিক এ কে হিরু ও সাহেব আলীসহ অনেকে। —খুলনা অফিস