খুলনায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট
খুলনায় ছয়টি কারিগরিসহ ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় তিনি বলেন, ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ চালু এবং ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৮ জন শিক্ষককে ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষিত করে তোলার মাধ্যমে বাংলাদেশে একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশে তথ্যপ্রযুক্তির বিকাশে খুলনা স্মরণীয় হয়ে থাকবে। যে শিক্ষা জীবনের কাজে আসবে না তা পরিত্যাগ করে জীবনমুখী কারিগরি ও তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা চালু করে নতুন প্রজন্মকে গড়ে তোলার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন করতে হবে। এর জন্য সবাইকে একযোগে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করতে হবে।খুলনার জিয়া হলে ‘টিচারস অনলাইন ইন খুলনা’ প্রকল্পের দ্বিতীয় পর্বের উদ্বোধন করা হয়।প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয় ও খুলনা সিটি করপোরেশন যৌথভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এ প্রকল্পে সংশ্লিষ্ট ৫০টি স্কুলে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানে অংশগ্রহণমূলক শিক্ষাপদ্ধতি নিশ্চিত করা হবে। শিক্ষামন্ত্রী জানান, পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটারনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এমনকি দেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে বিদ্যুৎ সংযোগ নেই সেখানে ১৭টি মাইক্রোবাসের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষারও সুযোগ পাচ্ছে। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শেখ মুজিবর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ, ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রকল্প সমন্বয়কারী বিভূতি রায়, কুয়েটের অধ্যাপক এ এন এম মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশীদ, খুলনা সিটি করপোরেশেনের প্যানেল মেয়র আজমল আহমেদ, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামসহ অনেকে।—মনোজ কুমার মজুমদার, খুলনা