খুলি প্রতিস্থাপনে সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস বয়সেন l ছবি: এএপি
জেমস বয়সেন l ছবি: এএপি

যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসক বিশ্বে প্রথমবারের মতো মানুষের মাথার খুলি প্রতিস্থাপন করেছেন। জটিল এই অস্ত্রোপচারে ১৫ ঘণ্টা সময় লেগেছে। এতে সহায়তা করেন ৫০ জনের বেশি পেশাদার স্বাস্থ্যকর্মী। হিউস্টনের এমডি অ্যান্ডারসন ক্যানসার সেন্টার কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এ সাফল্যের কথা জানিয়েছে।
৫৫ বছর বয়সী জেমস বয়সেনের মাথায় হিউস্টন মেথডিস্ট হসপিটালে গত ২২ মে ওই ঐতিহাসিক অস্ত্রোপচার করা হয়। আংশিক খুলি প্রতিস্থাপনের পাশাপাশি তাঁর শরীরে একটি নতুন কিডনি ও অগ্ন্যাশয়ও সংযোজন করা হয়েছে। একই সঙ্গে খুলি ও মুখমণ্ডলের টিস্যু এবং অন্য অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিরল একধরনের ক্যানসারের চিকিৎসা নেওয়ার পর বয়সেনের মাথার খুলি ক্ষয়ে গিয়েছিল।
প্রায় চার বছর আগেই ওই অস্ত্রোপচারের পরিকল্পনা করা হয়। তবে কাঙ্ক্ষিত অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া যাবে—এমন নিশ্চয়তা পাওয়ার প্রায় ২০ ঘণ্টা পর চিকিৎসকেরা ওই প্রক্রিয়া শুরু করেন। অস্ত্রোপচারে অংশগ্রহণকারী প্রধান শল্যচিকিৎসক মাইকেল ক্লেবাক বলেন, ‘এটা ছিল অত্যন্ত জটিল শল্যচিকিৎসা। কারণ, এ সময় অতি ক্ষুদ্র ক্ষুদ্র টিস্যু প্রতিস্থাপন করেছি আমরা। কল্পনা করে দেখুন, অণুবীক্ষণ যন্ত্রের নিচে এক ইঞ্চির ১৬ ভাগের এক ভাগ আকারের রক্তনালি জোড়া দেওয়ার কাজটা কত সূক্ষ্ম। আর এ সময় মানুষের একটি চুলের প্রায় অর্ধেক ব্যাসের একেকটি সেলাই দেওয়া হয়েছে।’
বয়সেনের খুলিতে ২০০৬ সালে লিওমায়োসারকোমা ধরা পড়ে। এই বিরল ক্যানসার মসৃণ পেশিকে আক্রমণ করে। সফলভাবে কেমোথেরাপি ও রেডিওথেরাপি চিকিৎসা দেওয়া হলেও তাঁর মাথা ও খুলিতে বড় ক্ষত রয়ে গিয়েছিল। মাত্র পাঁচ বছর বয়সেই বয়সেনের শরীরে ডায়াবেটিস শনাক্ত করা হয়। ১৯৯২ সালে তাঁর কিডনি ও অগ্ন্যাশয় প্রতিস্থাপন করা হলেও সেগুলো আবার প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দিয়েছিল। কিন্তু মাথা ও খুলিতে ক্ষত থাকায় সেটা সম্ভব হচ্ছিল না। বিশেষ ওষুধ প্রয়োগ করে তাঁর ওই দুটি ত্রুটিপূর্ণ অঙ্গের চিকিৎসা চলছিল। কিন্তু সে কারণে খুলি প্রতিস্থাপনের ব্যাপারটা কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানের জন্য চিকিৎসকেরা তাঁর খুলি এবং কিডনি ও অগ্ন্যাশয় প্রতিস্থাপনের জটিল প্রক্রিয়াটি একসঙ্গে সম্পন্ন করেন।
সূত্র: এএফপি ও বিবিসি।