খেলতে হবে কৌশল খাটিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘টম্ব রাইডার’ ভক্তদের তো বটেই, যেকোনো অ্যাডভেঞ্চার ও পাজল গেমপ্রেমীদের ‘লারা ক্রফট গো’ দৃষ্টি কাড়বে। ‘টম্ব রাইডার’ সিরিজের মূল চরিত্র লারা ক্রফটের নামানুসারে গেমটির নাম রাখা হয়েছে লারা ক্রফট গো। গেমটির নির্মাতা স্কয়ার এনিক্স।
‘হিট ম্যান গো’ গেমটি যাঁরা খেলেছেন, তাঁরা লারা ক্রফট গো সম্পর্কে একটা ধারণা আগেই থেকেই পেয়েছেন। তবে ধরন অনেকটা একই হলেও প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। হিট ম্যান গোতে যেমন কৌশল অনুসরণ করে একের পর এক মানুষ হত্যা করতে হয়। লারা ক্রফট গোতে এর পরিবর্তে পাজল সমাধান করে নতুন এলাকা খুঁজে বের করা, পালানোর উপায় তৈরি, গুপ্তধন উদ্ধারসহ নানা কাজের ওপর গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। গেমটি স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য তৈরি, যেখানে আঙুলের নড়াচড়ার মাধ্যমে লারা ক্রফটকে নিয়ন্ত্রণ করা যাবে। তবে লারা ক্রফটের প্রতিটি অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার শত্রুর অবস্থানের পরিবর্তনও ঘটবে। সব ধরনের প্রতিবন্ধকতা এড়িয়ে নতুন মানচিত্র খুঁজে বের করাই গেমের লক্ষ্য। তবে পাজলধর্মী গেমগুলো সাধারণত ধীরগতির ও মাঝেমধ্যে পুনরাবৃত্তি বিরক্তির কারণ হয়ে থাকে। এই ক্ষেত্রে লারা ক্রফট গোর বিশেষত্ব হলো, এর লেভেলগুলোর কোনো পুনরাবৃত্তি চোখে পড়বে তো না-ই, প্রতিটা পদক্ষেপে নতুন অভিজ্ঞতা যোগ হবে। যেমন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কখনো বিপুলসংখ্যক হিংস্র প্রাণী হত্যা করতে হবে, আবার কখনো কোনো লড়াই না করে এদের এড়িয়ে যেতে হবে, আবার কখনো আগুনের ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে হবে। গেমটির গ্রাফিকস, শব্দ এবং এক পর্ব থেকে অন্য পর্বের মাঝের দৃশ্য—সবকিছুর মধ্যেই চমৎকার সমন্বয় করা হয়েছে।
মুক্তির পরেই গেমটির সমালোচক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করে। ২০১৫ সালে সেরা আইজিএন গেম, সেরা মোবাইল গেম অ্যাওয়ার্ড, সেরা অ্যাপল গেম এবং ২০১৬ সালে সেরা অ্যাপল ডিজাইন পুরস্কার পায়। পাজল আর অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নিতে গেমটি নিঃসন্দেহে খেলে দেখা উচিত।
নামানোর ঠিকানা
অ্যান্ড্রয়েড: http://bit.ly/28W2PMh
আইওএস: http://apple.co/28W2WYk
উইন্ডোজ ফোন: http://bit.ly/295Kw9d