
ব্রেইন ইট অন নামের স্মার্টফোন গেম আপনার ভালো লাগবে যদি আপনি ধাঁধা মেলাতে পছন্দ করেন কিংবা পদার্থবিজ্ঞানে আগ্রহ থাকে। অরবিটাল নাইন গেমসের বানানো ব্রেন ইট অন গেমটি মূলত পদার্থবিজ্ঞানের মজার সব সমস্যা সমাধানের পাজল গেম। এতে নানা আকৃতি বানিয়ে পদার্থবিজ্ঞানের ধাঁধা মেলাতে হবে। দেখতে সহজ মনে হলেও গেমটি খেলতে হলে যথেষ্ট বুদ্ধির দরকার পড়বে। একের পর এক সমস্যা সমাধান করতে হবে। শেষ হলে হয়তো আনন্দে নাচবেন, না পারলে রাগে-দুঃখে চুল ছিঁড়তে মন চাইবে! সব সমস্যার একটা তালিকা দেখা যাবে গেমে।
একটা উইন্ডোতে ২০টি করে সমস্যা থাকবে। প্রত্যেক সমস্যার জন্য ৩টি করে তারকা বা স্টার সংগ্রহ করতে হবে। সংগ্রহ করতে পারলে পরের ২০টা সমস্যা সমাধান করতে পারবেন নতুবা টাকা খরচ করে আনলক করতে হবে। খেলতে গেলে বাঁয়ে সময় দেখাবে, সেই সময়ের মধ্যে সমাধান করতে পারলে উপরি পাওনা হিসেবে আরেকটা স্টার পাবেন। তার নিচের আইকনটা হচ্ছে সর্বোচ্চ কতগুলো অবজেক্ট ব্যবহার করে সমাধান করলে আরেক স্টার পাবেন সেটি দেখাবে। আর সমাধান করার জন্য পাবেন শেষের আরেকটা স্টার। প্রতিটি পাজল সমাধান করার একাধিক উপায় থাকবে, আপনাকে সবচেয়ে ভালো সমাধানটি খুঁজে নিতে হবে। সমাধানগুলো বন্ধুদের সঙ্গে ভাগাভাগিও করে নিতে পারবেন।
গেমটি নামানোর ঠিকানা
অ্যান্ড্রয়েড: goo.gl/RHHEbe
আইওএস: goo.gl/Ag9QIy