
‘আমাদের সমাজে প্রচলিত একটা ধারণা আছে, মেয়েরা পুরুষের সাহায্য ছাড়া চলতে পারে না। আমি সেই ধারণা ভাঙার জন্য কারাতেকে একটি প্রকৃষ্ট মাধ্যম মনে করি। কারণ, এতে নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আত্মরক্ষা করা যায়।’ বলছিলেন ভারতের মেয়ে অ্যালিনারি নানজিলনিজি। চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) শিক্ষার্থী। স্নাতক তৃতীয় বর্ষে পরিবেশবিজ্ঞান বিষয়ে পড়ছেন তিনি।
অ্যালিনারি ২০১১ সালের জানুয়ারি মাসে ঢাকায় ওয়ার্ল্ড ইউনিয়ন অব কারাতে ফেডারেশন আয়োজিত কারাতে প্রতিযোগিতায় মাইনাস ৫০ কেজিতে স্বর্ণপদকজয়ী। বেশ মনোযোগ দিয়েই কারাতে শিখছেন। ভবিষ্যতে ব্ল্যাক বেল্ট পাওয়ার স্বপ্ন দেখেন। এর সঙ্গে যোগ করলেন, ‘গ্র্যাজুয়েশন শেষ করে দেশের বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার ইচ্ছা আছে।’
এইউডব্লিউতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। ভর্তির পর শিক্ষার্থীদের এক বছর অ্যাকসেস একাডেমিতে পড়তে হয়। এই এক বছর অন্যান্য পড়াশোনার পাশাপাশি তাঁদের জন্য কারাতে শেখাও বাধ্যতামূলক। শারীরিকভাবে শিক্ষার্থীদের সবল রাখা এবং নিজেদের আত্মরক্ষার ব্যাপারে সচেতন করে তোলাই এর মূল লক্ষ্য। কারাতের পাশাপাশি এখানে ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল ও টেবিল টেনিস খেলার সুযোগ রয়েছে। স্নাতক কোর্সের প্রথম থেকে চতুর্থ সেমিস্টার পর্যন্ত পড়ার সময়ে এসব খেলার যেকোনো একটিকে বাছাই করে নিতে পারেন শিক্ষার্থীরা।
এইউডব্লিউর কারাতে প্রশিক্ষক মারিয়া চক্রবর্তী জানান, প্রতি সপ্তাহে এক ঘণ্টা করে দুটি কারাতে ক্লাস নেওয়া হয়। এর বাইরে কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া ও ব্ল্যাক বেল্টের জন্য প্রতিযোগিতায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

এইউডব্লিউর শিক্ষার্থীরা ভলিবল ও ব্যাডমিন্টনের প্রশিক্ষণ নেন ক্যাম্পাসের কাছাকাছি মেহেদীবাগ সিডিএ আবাসিক এলাকা মাঠে। এ ছাড়া ক্যাম্পাসের ভেতরে রয়েছে বিশাল ব্যায়ামাগার, সেখানে রয়েছে অত্যাধুনিক সব সরঞ্জাম।স্নাতক তৃতীয় বর্ষের জীববিজ্ঞানের শিক্ষার্থী রোকসানা হাসিব। এইউডব্লিউ ক্যাম্পাসে এসেই শিখেছেন কারাতে। এর আগে তেমন কোনো ধারণা ছিল না। ২০১১ সালে ঢাকায় ওয়ার্ল্ড ইউনিয়ন অব কারাতে ফেডারেশনের প্রতিযোগিতায় ছায়াযুদ্ধে স্বর্ণপদক পেয়েছেন। এ ছাড়া ২০১০ সালে চট্টগ্রামের এইচএসকেএ (হনকি সুতাকান কারাতে-দো অ্যাসোসিয়েশন) আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন তিনি। রোকসানার সহজ জবাব, ‘কারাতে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। ক্যাম্পাসে এসেই শিখেছি। ভালোই লাগছে এখন। ব্ল্যাক বেল্ট পাওয়ার ইচ্ছা আছে আমার।’স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ুয়া অর্থনীতির শিক্ষার্থী শ্রীলঙ্কার রামেশি পেরেরা। স্কুলজীবনে হার্ডলস, টেনিস, সাঁতার ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক পুরস্কার জিতেছেন। এইউডব্লিউতে এসে ২০১১ সালে চট্টগ্রামে স্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতা, এইচএসকেএর কারাতে স্কুল ও ২০১০ সালে ফ্রেন্ডস ক্লাব আয়োজিত মাইনাস ৬০ কেজিতে সাফল্য ছিনিয়ে আনেন। গত বছরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বাস্কেটবল লিগে চ্যাম্পিয়ন হন। পেরেরা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে পরিচিত। তাই এখানে এসে আরও বড় পরিসরে সেই সুযোগ পাওয়ায় ভালো লাগছে।’বাংলাদেশের মেয়ে নাজমা বেগম ব্যাডমিন্টন খেলতেন এক-আধটু। এখানে এসে তাকে ঝালিয়ে নেন এবং যোগ্যতার পরিচয় দেন। বললেন, ‘আমি দুই বছর ব্যাডমিন্টনে প্রশিক্ষণ নেওয়ার পর প্রতিযোগিতায় অংশ নিয়েছি।’ নাজমা চট্টগ্রাম মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ডাবলসে রানার-আপ হন। ভবিষ্যতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন। তিনি স্নাতক তৃতীয় বর্ষে অর্থনীতি নিয়ে পড়ছেন। স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী নেপালের তারা ওয়েভি সাবেদি। এশিয়ান স্টাডিজ নিয়ে পড়ছেন। তারা ছোটবেলায় টেবিল টেনিসের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারের ঝুড়ি ভরিয়ে তোলেন। এইউডব্লিউতে ভর্তির পর তাঁর কৃতিত্বের সারিতে যোগ হয় আরও অনেক পুরস্কার। ২০১১ সালে এইচএসকেএ কারাতে প্রতিযোগিতায় মাইনাস ৪৫ কেজিতে স্বর্ণপদক লাভ করেন। এ ছাড়া ২০০৯ সালে বাস্কেটবল, ২০১০ সালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কারাতে এবং ২০১২ সালে টেবিল টেনিস ডাবল ইভেন্টে স্বর্ণপদক জেতেন।