দিন পাল্টাচ্ছে। খেলার মাঠগুলো আরও আধুনিক হতে পারে। দেখা যাক যুগের সঙ্গে তাল মিলিয়ে এই মাঠগুলোয় কী কী থাকা উচিত।
শিশির ক্লিনার
খেলার মাঠে শিশির বা ডিউ একটা বিরাট ‘ফ্যাক্টর’। সন্ধ্যা হলেই ঘাসের মধ্যে শিশির জমে সবকিছু এলোমেলো করে দেয়। কাজেই খেলার মাঠে থাকতে হবে শিশির ক্লিনার। এর কাজ হবে মাঠের সব শিশির একত্র করে একটা ফিল্টার মেশিনে জমা করা। সেখান থেকে কেউ চাইলেই গ্লাসের পর গ্লাস পরিষ্কার বিশুদ্ধ পানি পান করতে পারবে। এতে করে মাঠ আর ভিজবে না, পাশাপাশি মানুষের পিপাসাও মিটবে।
মাঠের সীমানাজুড়ে গাছ
প্রতিদিন মাঠে প্রায় ৩৫-৪০ হাজার মানুষ খেলা দেখতে যায়। এতে করে ওই এলাকায় অক্সিজেনের চাহিদা যায় বেড়ে। এই চাহিদা থেকেই যেকোনো দিন দুর্ঘটনা ঘটে যেতে পারে। কাজেই মাঠের বাউন্ডারি ঘিরে পরিমাণমতো গাছ লাগানো উচিত। এতে করে অক্সিজেনের চাহিদা যেমন মিটবে, তেমনি করে প্রখর রোদে বল বয়, পুলিশ, সাংবাদিক ও চিয়ারলিডাররা ছায়ায় আরাম করে বসতে পারবে।
প্রতি সিটে টেলিভিশন
প্রতিটি দর্শকের জন্য মাঠে টেলিভিশনের ব্যবস্থা থাকা উচিত। লাইভ খেলা মিস করলেই তারা সিটের সামনে রাখা টিভিতে রিপ্লে দেখে নিতে পারবে।
সানলাইট সেন্সরড দেয়াল
খেলার মাঠে যাঁরা পুব গ্যালারিতে বসেন, তাঁরা প্রায় সারা দিনই রোদে পোড়েন। এ ছাড়া মাঠের অন্যান্য অংশ ও গ্যালারির অনেকের শরীর রোদে পুড়ে কয়লা হয়ে যাওয়ার জোগাড় হয়। কাজেই স্টেডিয়ামের দেয়ালগুলো এমন হওয়া উচিত, যাতে করে সূর্যের আলোর সঙ্গে সঙ্গে সূর্যমুখী ফুলের মতো সেগুলোও স্থানান্তরিত হতে পারে। যেদিকে সূর্য থাকবে, সেদিকের দেয়াল আপনা-আপনিই বড় হয়ে পুরো এলাকাকে ছায়া দিয়ে রাখবে।
রিমুভেবল মাঠ
ঝড়-বৃষ্টি-কুয়াশা বিভিন্ন কারণে মাঠ ভিজে খেলার অনুপযোগী হয়ে যেতে পারে। কাজেই দরকার রিমুভেবল মাঠ। মাঠ ভিজে গেলে অন্য আরেকটা শুকনো মাঠ তুলে এনে সেখানে বসালেই হলো। এতে করে বৃষ্টির কারণে খেলা পণ্ড হবে না।