
গেম খেলতে কে না পছন্দ করে! সব বয়সের মানুষের জন্যই পছন্দসই গেম আছে। তবু বড়দের সব সময়ের অভিযোগ, সারা দিন গেম খেলে খেলে ছেলেটা বখে যাচ্ছে! সেই বখে যাওয়া ছেলেটা যদি গেম থেকেই শিক্ষণীয় কিছু অর্জন করতে পারে, তাহলে? তাই বিশেষভাবে বড়দের বলতে হয়, স্মার্টফোনের জন্য পুরস্কার জিতিয়ে নেওয়া ‘কুইজ আপ’ অ্যাপ একটি সামাজিক ট্রিভিয়া গেম। যেখানে আপনি আপনার স্মার্টফোনের সংরক্ষিত ফোন নম্বর, ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট থেকে আপনার বন্ধুকে খেলার জন্য আমন্ত্রণ জানাতে পারবেন। তাঁদের নিয়েই গেমের নানান বিষয় থেকে প্রশ্ন বেছে নিয়ে তার উত্তর করতে পারবেন।
কুইজ আপ গেমে শিক্ষণীয় বিষয়ের মধ্যে আছে গণিত, নামের বানান ঠিক করা, ইতিহাস, সাহিত্য থেকে জীবনধারার নানান বিষয়ের ওপর প্রশ্ন। চাইলেই আপনার বন্ধুর সঙ্গে সেটি ভাগাভাগি (শেয়ার) করে সমাধান করতে পারবেন। আছে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের সুবিধা। সাধারণ জ্ঞান বিষয়ে যাঁরা একটু বেশিই কৌতূহলী, তাঁদের জন্য কুইজ আপ গেমটি পছন্দ হবেই হবে। উল্লিখিত বিষয় ছাড়াও ১ হাজার ২০০ বিষয়ের প্রায় ৬ লাখ নানান প্রশ্ন পাবেন এতে। নিয়মিত নতুন নতুন প্রশ্ন যোগ করা হয় গেমটিতে। চাইলেই পৃথিবীর যেকোনো প্রান্তে বন্ধু বানিয়ে তার সঙ্গেও উত্তর মেলাতে পারবেন। প্রতিটি প্রশ্নের সঙ্গে আছে যথোপযুক্ত ছবি। তাই উত্তর মেলানোর সঙ্গে সঙ্গে বিষয়টি সহজেই আয়ত্তে আনতে পারবেন। বড়রা তো বটেই, যেকোনো বয়সী মানুষই চাইলে তাঁর সাধারণ জ্ঞান বাড়াতে পারেন কুইজ আপ গেমটি খেলে। সময় তো কাটবেই, সঙ্গে নতুন কিছু শিখতেও পারবেন।
নামানোর ঠিকানা:
অ্যান্ড্রয়েড: https://goo.gl/7st9rw
আইওএস: https://goo.gl/spXgdc
উইন্ডোজ: https://goo.gl/KQVCfA