
ঘরের মাঠে বিশ্বকাপ ক্রিকেট। চার-ছক্কার গল্প সবখানে। বাসে, ট্রেনে, মাঠেঘাটে, শহর-গ্রাম সব স্থানই এখন খেলাময়। উত্তেজনাই অন্য রকম। স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন আর প্রিয় দলের জার্সি পরনে থাকবে না, তা কি হয়! বাসায় টিভি সেটের সামনে বা কোনো খোলা মাঠে বড় পর্দায় সবার সঙ্গে খেলা দেখার সময়ও জার্সি পরতে পারেন। ঢাকার বদরুদ্দোজা সুপার মার্কেটের জার্সি বিক্রেতা সোহানুর রহমান বলেন, ‘ক্রিকেট খেলা উপলক্ষে জার্সির চাহিদা বেড়ে গেছে। প্রতিদিন প্রচুর জার্সি বিক্রি করছি আমরা। এর মধ্যে বাংলাদেশের জার্সিই বেশি চলছে। অনেকে আবার ফুটবল খেলারও ভক্ত, তাঁরা কিনছেন নিজের পছন্দের ক্লাবের জার্সি।’

যেমনটা পাবেন
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী দেশগুলোর জার্সিই এখন বেশি বিক্রি হচ্ছে। একই দেশের বা ক্লাবের নানা রঙের জার্সি পাওয়া যায় বাজারে। তাই রংটা বদলেও কিনতে পারেন আপনার পছন্দের দলের জার্সি। ফুল হাতা, হাফ হাতা এবং হাতা কাটা তিন ধরনের জার্সি কিনতে পাবেন বাজারে। তবে এর মধ্যে হাফ হাতার জার্সিটাই বেশি চলছে। সাধারণত জার্সি তৈরিতে আলাদা কাপড় ব্যবহার করা হয়। জার্সি কাপড় নামেই এটি পরিচিত। দেখে জার্সি কেনা ভালো। অনেক জার্সির দুই পাশেই প্রিন্ট আছে। কেনার আগে গলা বা কলারের দিকটাও দেখে নেওয়া যেতে পারে।
দরদাম
হাফ হাতার জার্সির দাম শুরু ২০০ টাকা থেকে। যাঁরা অল্প সময় দুই-এক দিন পরার জন্য জার্সি কিনবেন, তাঁরা অল্প দামেই কিনতে পারেন। তবে বিভিন্ন সময় পরতে চাইলে ভালো মানের ৫০০ থেকে এক হাজার টাকায় কিনতে পারেন। এ ছাড়া ফুল হাতা হলে দাম পড়বে ৬০০ টাকা থেকে দুই হাজার টাকা। ট্রাউজার পাওয়া যাবে ৫০০ টাকা থেকে এক হাজার ২০০ টাকায়।
যেখানে পাবেন
রাজধানীর প্রায় সব এলাকাতেই পাবেন জার্সি। বিশ্বকাপ উপলক্ষে রাস্তার পাশে ফুটপাতেও জার্সি বিক্রি হতে দেখা যাচ্ছে। এ ছাড়া বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, মিরপুর-২-এর এশিয়ান স্কাই শপ, নিউমার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, নুরজাহান সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গ্লোব শপিং সেন্টার, এলিফ্যান্ট রোড, বঙ্গবাজার, মতিঝিল, ফার্মগেট এবং উত্তরার বিভিন্ন শপিং মলে পাবেন পছন্দের জার্সি।