খেলায় সেরা মার্কেটিং

পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ। ২০১৩-২০১৪ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তবিভাগ ক্রিকেট এবং আন্তবিভাগ ফুটবল—দুটোতেই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে এ বিভাগ। ক্রিকেট-ফুটবল মিলিয়ে এখন ডজন খানেক চ্যাম্পিয়নশিপ ট্রফি জমেছে এ বিভাগের কার্যালয়ে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক শওকতুর রহমান বলেন, ‘যেকোনো লক্ষ্যে সফল হতে যে বিষয়গুলোর সুষ্ঠু সমন্বয় প্রয়োজন, তার সবটুকুই মার্কেটিং বিভাগের ছিল। এ বিরল সম্মান তাদের প্রাপ্য ছিল।’
মিড টার্ম, প্রেজেন্টেশন, কুইজ, সেমিস্টার ফাইনাল ইত্যাদি কারণে ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের সারা বছরই বেশ ব্যস্ত সময় পার করতে হয়। পড়াশোনার এত সব ব্যস্ততার পরেও খেলাধুলায় নিয়মিত এ সাফল্য বিভাগের শিক্ষকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের চেষ্টারই সম্মিলিত ফল। খেলাধুলার দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় শিক্ষক ও একসময়ে বিভাগের নিয়মিত খেলোয়াড় কৌশিক প্রসাদ পাঠক বলেন, ‘সারা বছরই আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা নিয়ে চাপে থাকলেও তাঁরা চেষ্টা করেন কীভাবে অন্যান্য ক্ষেত্রে নিজেদের সেরা হিসেবে প্রমাণ করা যায়। এ সাফল্য সে চেষ্টারই ফল।’
শুধু আন্তবিভাগ প্রতিযোগিতায়ই নয়, মার্কেটিং বিভাগের অনেক শিক্ষার্থীই নানা সময়ে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় দলের প্রতিনিধিত্ব করেছেন। বিবিএ ১৯তম ব্যাচের শিক্ষার্থী ও বিভাগের ফুটবল দলের অন্যতম সদস্য অজিত আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, ‘নিজের বিভাগকে চ্যাম্পিয়ন করেছি। এখন লক্ষ্য থাকবে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় দলকে চ্যাম্পিয়ন করা যায়।’
নিজেদের মেধা আর অদম্য চেষ্টায় পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা নিজেদের অনেক দূর এগিয়ে নিয়েছেন। জাতীয় পর্যায়েও তাঁরা নিজেদের সেরা প্রমাণের স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখেন বিশ্ববিদ্যালয় ও দেশকে এগিয়ে নেওয়ার।