খেলে খেলে সামাজিক ব্যবসা

নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কল্যাণে বর্তমানে সারা বিশ্বেই জনপ্রিয়তা পাচ্ছে সামাজিক ব্যবসা। বিশ্বের বিভিন্ন দেশেই তাই এ নিয়ে চলছে নানা ধরনের কার্যক্রম। বিশেষ এ ব্যবসাকে জনপ্রিয় করতে সারা বিশ্বেই হচ্ছে নানা ধরনের উদ্যোগ ও আয়োজন।সামাজিক ব্যবসা আসলে কী? তা বোঝাতেও রয়েছে বিভিন্ন উদ্যোগ। বাংলাদেশের কয়েকজন তরুণ এমন একটি গেম তৈরি করেছেন, যা খেলে খেলে সামাজিক ব্যবসা বিষয়টি সহজেই বোঝা যাবে। এই তরুণেরা ‘সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরাম (এসবিএসএফ)’ নামের একটি সংগঠনের সদস্য। গত বছর ইউনূস সেন্টারের সহযোগিতায় এ সংগঠন আত্মপ্রকাশ করে। আর এ সংগঠন তৈরি করে বিশেষ একটি গেম। এর নাম ‘সোশ্যাল বিজনেস গেম’।
যেভাবে হলো
সামাজিক ব্যবসাকে সহজে সবার কাছে পৌঁছানের জন্য বিভিন্ন কার্যক্রম শুরু করে এসবিএসএফ। এরই অংশ হিসেবে সংগঠনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাধিক অনুষ্ঠানও করেছে। তবে এভাবে সেমিনার কিংবা কর্মশালা করে এ ব্যবসাটিকে জনপ্রিয় করে তোলা বেশ সময় সাপেক্ষ, বললেন এসবিএসএফের প্রধান উপদেষ্টা ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (ডিআইইউ) সহকারী অধ্যাপক মাসুদ ইবনে রহমান। ইউনূস সেন্টারের সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া দলের উপদেষ্টা হিসেবেও কাজ করছেন তিনি। জানালেন, কীভাবে কাজটি তরুণদের কাছে পৌঁছানো যায় সে চিন্তা থেকেই গেম তৈরির ধারণা মাথায় আসে। গত বছরই এ উদ্যোগটি নেওয়া হয়। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রুমানা পারভীনের সহায়তায় তৈরি হয় গেমটির মডেল। পরে এ কাজে সহায়তার হাত বাড়িয়ে দেন ডিআইইউর কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ আখতার হোসেন, মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের গেম বিশেষজ্ঞ ফরিদা ইব্রাহিমসহ অনেকে। পুরো গেমটি তৈরির ক্ষেত্রে আরও যুক্ত ছিলেন ডিআইইউ এসবিএসএফের সদস্য আনিকা নাওয়ার, কাজী মিশু, ওয়ালিদ, ডিআইইউর জ্যেষ্ঠ প্রভাষক ইকবাল মাহমুদসহ মাল্টিমিডিয়া কন্টেন্ট অ্যান্ড কমিউনিকেশনের (এমসিসি) সদস্যরা। প্রাথমিক কাজ শেষে গেমটির কারিগরি নির্মাণ-প্রক্রিয়ায় যুক্ত হয় এমসিসি। অবশেষে চলতি বছরের ২৯ জুন ঢাকায় ডিআইইউ মিলনায়তনে অনুষ্ঠিত এসবিএসএফ সোশ্যাল বিজনেস ইয়ুথ কনভেনশন ২০১৩-এ মুহাম্মদ ইউনূস গেমটি অবমুক্ত করেন। এ সম্মেলনে অংশ নেওয়া ১৫টি দেশের প্রতিনিধি ও তরুণেরাও পরবর্তী সময়ে নিজেদের দেশে গেমটি প্রদর্শন করেন।
গেমের বিস্তারিত
মূলত সামাজিক ব্যবসার ধারণাটি কীভাবে আগ্রহীদের সহজে বোঝানো যায় সে চিন্তা থেকেই একটি গেম তৈরির পরিকল্পনা করা হয়। গেমটি তৈরির অন্যতম একটি উদ্দেশ্য হলো, সামাজিক ব্যবসার ধারণাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া এবং বিশেষ করে তরুণ প্রজন্মের আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে গতানুগতিক শিক্ষার পাশাপাশি বিকল্প একটি ব্যবস্থা সম্পর্কে জানানো—জানালেন মাসুদ ইবনে রহমান। পুরো গেমটি এমনভাবে সাজানো, যাতে যেকোনো ব্যক্তি গেমটি খেলে খুব সহজেই বুঝতে পারবে সামাজিক ব্যবসা কী, সেটা কীভাবে করতে হয়, সামাজিক ব্যবসার মূলনীতিগুলো কী এবং সেটা কীভাবে সমাজে কাজে লাগে। খেলার মাধ্যমে সামাজিক যোগাযোগের এ কার্যক্রমটি বোঝানোর এ উদ্যোগটি দেশ ছাড়িয়ে বিশ্বেও বেশ সমাদৃত হয়েছে।

মাসুদ ইবনে রহমান জানান, এটি একটি কৌশলগত বা স্ট্র্যাটেজিক গেম। একজন গেমার সামাজিক ব্যবসার নিয়মানুসারে ব্যবসায় বিনিয়োগের জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করবেন। এর জন্য তিনি ব্যবসার শাখা ও পণ্য নির্বাচন করেন। পণ্যটি তৈরি করার জন্য তিনি কাঁচামাল সংগ্রহ করবেন এবং কারখানা ঠিক করবেন। সাতটি ভিন্ন মূলনীতি মেনে পণ্যটি তৈরি হওয়ার পর বাজারে বিক্রি করে ‘সোশ্যাল পয়েন্ট’ সংগ্রহ করবেন। লাভের অঙ্ক থেকে বিনিয়োগের অঙ্কটা ফেরত দিতে হবে। প্রতিটি ধাপেই তিনি সোশ্যাল পয়েন্ট সংগ্রহ করবেন এবং একপর্যায়ে তাঁর ব্যবসার মাধ্যমে একটি সামাজিক ব্যবসার সমাধান করবেন। সফল ব্যবসা করতে পারলে অন্যান্য পুরস্কারের সঙ্গে গেমার গেমসের মধ্যে পাবেন মুহাম্মদ ইউনূসের দেওয়া সনদ। এ গেমটির বেশ কটি স্তর রয়েছে। আগ্রহীরা www.sbsf.com.bd/game%20project.html ঠিকানা থেকে বিনা মূল্যে নামিয়ে নিয়ে খেলতে পারবেন।
মিলেছে সফলতা
গত জুলাই মাসে জাপানের ওসাকা ও ফুকুওকা সিটিতে অনুষ্ঠিত ‘সোশ্যাল বিজনেস ফোরাম ইন এশিয়া’ সম্মেলনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে গেমটি সবার সামনে তুলে ধরা হয়। এতে গেমটি তরুণদের মাঝে দারুণ সাড়া ফেলেছে বলে জানান ফোরামে অংশ নেওয়া এসবিএসএফের সভাপতি কাজী মিশু। তিনি জানান, ফোরামে মুহাম্মদ ইউনূস ও মাসুদ ইবনে রহমানের বক্তৃতার পর জাপানি এবং এশিয়ার অন্যান্য দেশের তরুণেরা এই গেমটিতে ব্যাপক আগ্রহ প্রকাশ করে। সামাজিক ব্যবসাসংক্রান্ত আরও কিছু গেম তৈরির পরিকল্পনা চলছে বলে জানিয়েছে এসবিএসএফের সদস্যরা। ইতিমধ্যে এ দলটি উদ্ভাবন করেছে স্নেক অ্যান্ড ল্যাডার (সাপ-লুডু) নামের আরেকটি গেমস। এসবিএসএফের (www.sbsf.com.bd) এ কার্যক্রমে চাইলে যে কেউ যুক্ত হতে পারেন।