খেলোয়াড় থেকে খেলার কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীমা সাত্তার
শামীমা সাত্তার

অবসর মানেই যে বিদায় নয়! সে কথাটি প্রমাণ করে চলেছেন তিনি। নিজে খেলোয়াড় জীবন থেকে অবসর নিলেও যুক্ত আছেন খেলার সঙ্গে। প্রতিদিন দাপ্তরিক কাজ শেষে দিব্যি ট্র্যাকসু্যট পড়ে হাজির হয়ে যান খেলার মাঠে। নাহ, নিজে খেলতে নয়। নবীন ক্রীড়াবিদদের নানা কৌশল শেখাতেই তাঁর উপস্থিতি। বলছিলাম জাতীয় পুরস্কার প্রাপ্ত অ্যাথলেট শামীমা সাত্তারের কথা। কাছের মানুষদের কাছে তিনি মিমু নামে পরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) উপপরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বিকেএসপি দিনাজপুরে আঞ্চলিক কেন্দ্রের প্রধানের দায়িত্বও পালন করেছেন। তাঁর অ্যাথলেট জীবনে আছে নানা সাফল্যের গল্প। ১৯৭৩ সালে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) হয়ে অ্যাথলেটিকসে তাঁর যাত্রা শুরু। সেই থেকে প্রায় দীর্ঘ দুই দশক ‘ট্র্যাক অ্যান্ড ফিল্ডে’ তাঁর একচ্ছত্র দাপট। নতুন জাতীয় রেকর্ড, সোনা, রুপা আর ব্রোঞ্জ পদকে সমৃদ্ধ তাঁর খেলোয়ারি জীবন। খেলোয়াড়ি জীবনের মতো প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, জাতীয় কোচ বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবেও তিনি সফল। এই ক্রীড়াবিদের জন্ম ১৯৬০ সালে, দিনাজপুরে। শামীমার বড় ভাইয়েরা খেলাধুলা করতেন। খেলায় জিতে তাঁরা যখন পুরষ্কার আনতেন, তখন শামীমা ভাবতেন, ইস্ আমিও যদি পুরষ্কার আনতে পারতাম। এভাবেই খেলোয়াড় হওয়ার ইচ্ছা জাগে মনে। স্থানীয় অনেক প্রতিযোগিতায় অংশ নেন দিনাজপুর ঈদগাঁ উচ্চ বিদ্যালয় থেকে। হাই জাম্প, লং জাম্প আর দৌড়ে স্কুল জীবনেই জানান দেন নিজের প্রতিভার। তারপর কিছুটা ছন্দপতন, ১৭ বছর বয়সে তাঁর বিয়ে হয়ে যায়। কিন্তু অদম্য ইচ্ছা তাঁকে এগিয়ে নিয়ে যায়। তিনি বলেন, ‘নারী হিসেবে আমাকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। অল্প বয়সে বিয়ে হয়ে যায়। ভেবেছিলাম, হয়তো আর খেলাই হবে না। কিন্তু আমার স্বামীর সহযোগিতায় বিয়ের পর খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গিয়েছি সমানতালে।’
বিয়ের পরই শুরু হয় আরেক জীবন। একদিকে চলতে থাকে ক্রীড়া চর্চা। অন্যদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষা। উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি অর্জন করেন দিনাজপুরের কাদের বক্স মেমোরিয়াল কলেজ থেকে। তারপর স্নাতকোত্তর করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। অর্জন করেছেন দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ক্রীড়া বিষয়ক ডিগ্রি। স্বামী মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও একমাত্র সন্তান শাহরীয়ার শরিফকে নিয়ে তাঁর সংসার। এমবিএ পড়ুয়া ছেলেও মায়ের সাফল্যে নিজেকে গর্বিত মনে করেন। অ্যাথলেটিকসে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০০ সালে তিনি পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থার সেরা অ্যাথলেট ও প্রশিÿক্ষকের পুরস্কার, অনন্যা শীর্ষ দশ, ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবে পেয়েছেন কবি নূরল আমিন স্বর্ণ পদক, বাংলাদেশ নারী উদ্যোগ কেন্দ্রের স্বর্ণপদকও পেয়েছেন। অভিভাবক ও তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে এই ক্রীড়াবিদ বলেন ‘অভিভাবকদের বলব, ‘মেয়েদের ক্রীড়াঙ্গনে দিন। তাদের বেড়ে উঠতে দিন নিজের মতো করে। সফল খেলোয়ার হতে অবশ্যই খেলাধুলার পাশাপাশি প্রাতিষ্ঠানিক পড়াশোনাটাও এগিয়ে নিয়ে যেতে হবে।’