খোলা চিঠি যানজটকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় যানজট,
আমি জানি, তুমি অনেক ভালো আছ। কারণ, রোদে তোমার জ্বর হয় না, বৃষ্টিতে তোমার সর্দিও হয় না। রোদ হোক আর বৃষ্টি হোক, সব অবস্থায় তুমি ভালোই থাকো। বৃষ্টি এলে মানুষ রাস্তা থেকে দৌড়ে ছাদের নিচে যায়। তুমি সেটাও করো না, নিজের মতো করে রাস্তায় দাঁড়িয়েই থাকো।
কাটা গায়ে লবণ দিলে যে অবস্থা হয়, তোমার সঙ্গে গরম মেশালেও একই অবস্থা দাঁড়ায়। তোমার নিষ্ঠুর আচরণে চাকরিজীবীদের চাকরি চলে যায়, শিক্ষার্থীদের পরীক্ষা মিস হয়, কত রোগী অ্যাম্বুলেন্সে পাঞ্জা লড়ে মৃত্যুর সঙ্গে। তোমার কারণেই কত লোক অলস হয়ে যায়, বাসা থেকে বের হতে চায় না। আমি জানি, তুমি যে নিষ্ঠুর আচরণ করো, সেটা তোমার একার দোষ নয়। কারণ, আমরাই তোমাকে জন্ম দিয়েছি এবং আমরাই তোমাকে শিখিয়ে-পড়িয়ে বড় করেছি।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে তোমাকে ভালোবেসে যাব। আমার আর কোনো উপায় নেই। কারণ, আমি চিন্তা করে দেখেছি তুমি আমাদের এই রাস্তাগুলো থেকে কোনো দিন যাবে বলে মনে হয় না। যত দিন যাচ্ছে, তোমার শরীর ততই বাড়ছে। আমি যে তোমাকে ভালোবাসি, এটা কাউকে বোলো না। মানুষ জানলে আমাকে পাগল ভাববে। সব শেষে বলি, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিয়ো।
ইতি
তোমার একান্ত বাধ্যগত প্রেমিক
মো. এরশাদ আলী
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, ঢাকা