খোঁড়াখুঁড়ি না করে পানির পাইপেই ইন্টারনেট
পানির পাইপের মধ্যে দিয়ে ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ দিতে চায় যুক্তরাজ্য। পরীক্ষামূলক প্রকল্পটির জন্য ৪০ লাখ ব্রিটিশ পাউন্ড তহবিলের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এতে সহজে পৌঁছানো যায় না, এমন বাড়িগুলোতে নতুন করে মাটি না খুঁড়েই ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব হবে।
সরকারি তহবিলের ওই অর্থ সেন্সরের মাধ্যমে পানির লাইন পর্যবেক্ষণেও ব্যয় করা হবে। এতে পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো পাইপলাইনের ছিদ্র আরও দ্রুত খুঁজে বের করে মেরামত করতে পারবে। পাইপের ছিদ্রের কারণে সরবরাহকৃত পানির প্রায় এক-পঞ্চমাংশ অপচয় হচ্ছে এখন। আশা করা হচ্ছে, লাইনে সেন্সর যুক্ত করলে এই অপচয় অর্ধেক কমিয়ে ফেলা সম্ভব হবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গিগাবাইট সক্ষমতার ব্রডব্যান্ড নেটওয়ার্ক ইনস্টল করার খরচের চার-পঞ্চমাংশ ব্যয় হয় অবকাঠামোগত উন্নয়নে। নতুন প্রকল্পে সে খরচ কমিয়ে আনতে চায় তারা। সে সঙ্গে শহুরে এলাকার বাইরে ব্রডব্যান্ড ইন্টারনেট এবং মোবাইল সিগন্যাল উন্নত করাও প্রকল্পটির লক্ষ্য।
যুক্তরাজ্যের ডিজিটাল অবকাঠামোবিষয়ক মন্ত্রী ম্যাট ওয়ারম্যান বলেছেন, পৌঁছানো কঠিন এমন এলাকাগুলোতে ভালো ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার ক্ষেত্রে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে বড় বাধা হলো রাস্তা ও মাটি খোঁড়ার খরচ। তবে আমাদের পায়ের নিচে পানির পাইপের বিশাল নেটওয়ার্ক দেশের প্রায় সব বাড়িতেই পৌঁছেছে। এতে একসঙ্গে দুটো কাজই হবে। একদিকে সুপেয় পানি সরবরাহ হবে, আবার দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেওয়া যাবে।
প্রকল্প বাস্তবায়নে টেলিযোগাযোগ, ইউটিলিটি সরবরাহকারী এবং প্রকৌশল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে কনসোর্টিয়াম গঠন করা হবে। ৪ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে আবেদন জমা দিতে বলা হয়েছে। তবে যেকোনো আবেদন যুক্তরাজ্যের ড্রিঙ্কিং ওয়াটার ইন্সপেক্টরেটের দপ্তর থেকে অনুমোদন পেতে হবে।
যুক্তরাজ্যের ৯৬ শতাংশের বেশি অঞ্চলে এরই মধ্যে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, এই সংযোগগুলোতে ডাউনলোডের গতি সেকেন্ডে অন্তত ২৪ মেগাবাইট (এমবিপিএস)। আর এর চেয়ে বেশি গতির ইন্টারনেট সংযোগ আছে যুক্তরাজ্যের ১২ শতাংশ অঞ্চলে।
স্পেনসহ বেশ কিছু দেশে এরই মধ্যে পানির লাইনে ইন্টারনেট কেবল যুক্ত করা হয়েছে।