অনুশীলনী-৩ (খ)
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অনুশীলনী ৩ (খ) থেকে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলির সমাধান করব।
প্রশ্ন: রাজুর বাবা ২৫৮৩০ টাকার ধান, ৩০৬৪৫ টাকার গম ও ৯৭৮৬ টাকার ছোলা বিক্রয় করলেন এবং ৪৫৯২৭ টাকার পাট কিনলেন। তাঁর নিকট কত টাকা রইল?
সমাধান: রাজুর বাবা,
ধান বিক্রয় করলেন ২৫৮৩০ টাকার
গম বিক্রয় করলেন ৩০৬৪৫ টাকার
ছোলা বিক্রয় করলেন (+) ৯৭৮৬ টাকার
তিনি ধান, গম ও ছোলা বিক্রয় করলেন মোট ৬৬২৬১ টাকার
এখন,
ধান, গম ও ছোলা বিক্রয় করে পেলেন ৬৬২৬১ টাকা
পাট কিনলেন (-) ৪৫৯২৭ টাকা
তাঁর নিকট রইল ২০৩৩৪ টাকা
অতএব, তাঁর নিকট রইল ২০৩৩৪ টাকা।
প্রশ্ন: বিজয় দিবসে স্কুল সাজাতে প্রমা, রিমি ও মনীষা ৭০টি পতাকা বানাল। দেখা গেল, প্রমা রিমির চেয়ে ৫টি পতাকা বেশি বানিয়েছে। আবার মনীষা প্রমার চেয়ে ৬টি পতাকা বেশি বানিয়েছে। তারা প্রত্যেকে কে কয়টি পতাকা বানিয়েছে?
সমাধান: বিজয় দিবসে স্কুল সাজাতে,
প্রমা, রিমি ও মনীষা পতাকা বানাল ৭০টি।
প্রশ্নমতে, প্রমা রিমির চেয়ে বেশি বানিয়েছে ৫টি পতাকা
আবার, মনীষা প্রমার চেয়ে বেশি বানিয়েছে ৬টি পতাকা
মনীষা রিমির চেয়ে বেশি বানিয়েছে (৫+৬)টি পতাকা
= ১১টি পতাকা
মনীষা ও প্রমা দুজন মিলে রিমির চেয়ে বেশি বানিয়েছে
(১১+৫)টি বা ১৬টি পতাকা
সুতরাং, তিনজনে সমপরিমাণ পতাকা বানিয়েছে (৭০- ১৬)
টি পতাকা বা ৫৪টি পতাকা
রিমি বানিয়েছে (৫৪ ÷ ৩)টি পতাকা
বা ১৮টি পতাকা।
প্রমা বানিয়েছে (১৮+৫)টি পতাকা
বা ২৩টি পতাকা।
মনীষা বানিয়েছে (২৩+৬)টি পতাকা
বা ২৯টি পতাকা।
অতএব, রিমি ১৮টি, প্রমা ২৩টি ও মনীষা ২৯টি।
প্রশ্ন: চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০। প্রথম দুটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম। চতুর্থ সংখ্যাটি কত?
সমাধান:
ধরা যাক, প্রথম সংখ্যা ৭৩৫৮৪
দ্বিতীয় সংখ্যা ৬৪২০৯
প্রশ্নমতে, তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম।
তৃতীয় সংখ্যাটি হচ্ছে: ৭৩৫৮৪- ৯৪৮৫ = ৬৪০৯৯
এখন,
প্রথম সংখ্যা ৭৩৫৮৪
দ্বিতীয় সংখ্যা ৬৪২০৯
তৃতীয় সংখ্যা (+) ৬৪০৯৯
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার যোগফল ২০১৮৯২
দেওয়া আছে, চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০
প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—এই তিনটি সংখ্যার যোগফল পাওয়া গেল ২০১৮৯২
সুতরাং,
চতুর্থ সংখ্যাটি হবে: ৪৬৮৫২০-২০১৮৯২=২৬৬৬২৮
অতএব, চতুর্থ সংখ্যাটি ২৬৬৬২৮।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা