গজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশ থেকে গজব পড়ে—ফেলেন কে তা? গড!
ফেলছে কারা কন তো দেখি আকাশ থেকে রড?
বহুতলের ওপর থেকে পড়ছে মাথায় ইট
রাস্তায় চলা মানুষগুলো মানুষ তো নয়—কীট!
বিজ্ঞাপনের বোর্ড ভেঙে যায়, ভাঙছে ওভারব্রিজও
চক্ষু খোলা রাখুন, মাথা বাঁচান নিজ নিজ!

হঠাৎ হঠাৎ মাথার ওপর পড়ছে জিনিস ভারী
নকল বাঘের তলায় চাপা পড়ছে পথচারী!
রোজ কিছু না কিছু মানুষ এমনভাবে মরে
এক বছরে বলতে পারেন কজন মরে গড়ে?
কেউ রাখে না হিসাবকিতাব যায় না কিছু কারও
ইস্যুর পরে আসবে ইস্যু, বন্ধু, আগে বাড়ো!

নির্মাণাধীন প্রকল্পতে মরছে শ্রমিক প্রায়ই
কেউ না তো আর, মরছে যারা তারাই শুধু দায়ী!
নেই মিনিমাম সেফটি গিয়ার বিপজ্জনক কাজে
দুর্ঘটনা ঘটার পরে সবাই ‘সজাগ’ সাজে!
নেই হেলমেট মাথার ওপর, নেই পায়ে ঠিক জুতো
ব্যবস্থাদি নাই-বা থাকুক—প্রচুর আছে ছুতো!