গঠিত হলো ইন্টারনেট ডট অর্গ
ফেসবুক, এরিকসন, মিডিয়া টেক, নকিয়া, অপেরা, কোয়ালকম ও স্যামসাং মিলে গঠন করল ইন্টারনেট ডট অর্গ (www.internet.org )। মূলত ইন্টারনেটকে কম খরচের মধ্যে আনা, অল্প ডেটা ব্যবহার করে ওয়েবসাইট, নতুন ও সময়োপযোগী ব্যবসায়িক মডেলের মাধ্যমে নতুন দেশে ইন্টারনেট নিয়ে আসা, নতুন সব অ্যাপ ও স্মার্টফোনের বিকাশকে আরও সহজলভ্য করতেই ইন্টারনেটভিত্তিক এ উদ্যোগ নেওয়া হয়। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের ঘোষণা দেন অন্যতম সদস্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এ সময়ে তিনি জানান, ইন্টারনেটকে ছড়িয়ে দিতে যেকোনো কার্যক্রমে কাজ করতে আগ্রহী ফেসবুক। ‘এভরি ওয়ান অব আস, এভরি হোয়ার, কানেকটেড’ স্লোগানে চালু হওয়া এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হচ্ছে ৫০০ কোটি সাধারণ মানুষকে ইন্টারনেটের আওতায় আনা। এ উদ্যোগের অন্যতম সদস্য এরিকসনের প্রধান নির্বাহী হান্স ভেটসবার্গ বলেন, ‘গত ১০০ বছর ধরে আমরা কানেকটিভিটি নিয়ে নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের নতুন এ উদ্যোগের একটি লক্ষ্য ২০১৮ সালের মধ্যে বিশ্বে ৬০০ কোটি মানুষের হাতে মোবাইল থাকবে।’ বর্তমানে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২৭০ কোটি। এ সংখ্যাটি বছরে মাত্র ৯ শতাংশ হারে বাড়ছে। এ সংখ্যাকে আরও বাড়াতে এমন যৌথ উদ্যোগ ইন্টারনেটের ব্যবহারকারী বাড়ানোর ক্ষেত্রে বেশ সহায়ক হবে বলেও মনে করা হচ্ছে। এ বিষয়ে নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোফ বলেন, গত কয়েক দশক ধরে নকিয়া সারা বিশ্বের মানুষকে একসঙ্গে যুক্ত করতে কাজ করছে। এখন প্রয়োজন ইন্টারনেট সুবিধাকে আরও প্রসারিত করা এবং সে উদ্যোগের অংশ হিসেবেই যাত্রা শুরু হয়েছে ইন্টারনেট ডট অর্গের। শুরুতেই শীর্ষ সাত প্রযুক্তিপ্রতিষ্ঠান যুক্ত হয়ে এ উদ্যোগটি শুরু করলেও ধীরে ধীরে এ কার্যক্রমে আরও বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিওসহ প্রযুক্তিবিশেষজ্ঞদের যুক্ত করা হবে বলে জানা গেছে। —ইন্টারনেট ডট অর্গ