গণগ্রন্থাগারে স্বয়ংক্রিয় তথ্যসেবা কেন্দ্র
‘যুগের সঙ্গে তাল মেলাতে হলে প্রযুক্তির ছোঁয়া দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। প্রযুক্তিকে মানুষের নিত্যদিনের অপরিহার্য সহযোগী হিসেবে গড়ে তুলতে হবে এবং এর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ গত বৃহস্পতিবার ঢাকার শাহবাগে গণগ্রন্থাগার অধিদপ্তরের ভিআইপি সেমিনারকক্ষে সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত স্বয়ংক্রিয় তথ্যসেবা কেন্দ্রের (কিয়স্ক) উদ্বোধনকালে এ কথা বলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রযুক্তিকে প্রগতির সহায়ক করে তুলতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের একই সঙ্গে কাজ করতে হবে। কোয়াবের সভাপতি নাজমুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মো. নূর হোসাইন তালুকদার, আফতাব আইটি লিমিটেডের পরিচালক রিজওয়ান রহমান, কম্পোটস হোমস লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক এম এনায়েত উল্লাহ। উপস্থিত ছিলেন বিডি জবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুরসহ অনেকে।নাজমুল করিম ভূঁইয়া বলেন, ‘দেশকে মাথা তুলে দাঁড়াতে হলে আমাদের প্রযুক্তিগতভাবে দক্ষ হতে হবে। এ জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে সাইবার ক্যাফেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ কোয়াবের পক্ষে তিনি বেশ কিছু দাবিও তুলে ধরেন। দাবিগুলো হলো: সাইবার ক্যাফেগুলোকে বাংলাদেশ ব্যাংকের ইইএফ ঋণ সুবিধার আওতায় আনা, সাইবার ক্যাফেতে বিশেষ মূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়া, সরকারের ই-সেন্টার কর্মসূচির সফল বাস্তবায়নে কোয়াবকে সম্পৃক্ত করা, সাইবার ক্যাফেকে জরুরি তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে সপ্তাহে সাত দিন খোলা রাখার ব্যবস্থা গ্রহণ ইত্যাদি। সাধারণ মানুষের জন্য কোয়াবের উদ্যোগ এবং পরিচালনায় গণগ্রন্থাগারে (পাবলিক লাইব্রেরি) স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় তথ্যসেবা কেন্দ্র বা কিয়স্ক। এই কিয়স্কে এসে যে কেউ বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সুন্দরবনকে বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে বিজয়ী করতে বিনা মূল্যে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। —মোহাম্মাদ আলী