গণবিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং আড্ডা
গুগল, ফেসবুক, ইয়াহুর মতো বড় বড় প্রতিষ্ঠানে চাকরি পেতে অবশ্যই কম্পিউটার প্রোগ্রামিংয়ে দক্ষ হতে হবে এবং এ বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। পাশাপাশি যত বেশি সম্ভব প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এ ছাড়াও প্রোগ্রামিং সমস্যার সমাধান ও এ নিয়ে প্রচুর পড়াশোনা করা দরকার। শনিবার সাভারের গণবিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রোগ্রামিংবিষয়ক আড্ডা ও অ্যাপসবিষয়ক সেমিনারে বক্তারা এমন কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ এবং গণবিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্ক আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, সিএসই বিভাগের প্রধান ওয়াহিদা জামান লস্করসহ অনেকে। অনুষ্ঠানে প্রোগ্রামিংয়ের নানা বিষয় তুলে ধরেন মুক্ত সফটওয়্যার লিমিটেডের প্রোগ্রামার তাহমিদ রাফী এবং অ্যাপস নিয়ে বিস্তারিত তুলে ধরেন কোডেটিকের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান। —আছিব চৌধুরী