গণিত
অনুশীলনী-৮ (ক)
প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে গণিতের দশমিক ভগ্নাংশের গুণ-সংক্রান্ত অনুশীলনী-৮ (ক)। এই অনুশীলনীতে রয়েছে:
দশমিক ভগ্নাংশকে ১০, ১০০ দিয়ে গুণ করার নিয়ম
দশমিক ভগ্নাংশকে ১০, ১০০ দিয়ে গুণ করার ক্ষেত্রে গুণকের ১ এর ডানে যতগুলো শূন্য ‘০’ থাকে, গুণ্যের দশমিক বিন্দু ততঘর ডানে সরালেই গুণফল পাওয়া যায়। যেমন
উদাহরণ ১: ৬.৩২ × ১০০ = ৬৩২
উদাহরণ ২: ৩৮.০০৫ × ১০ = ৩৮০.০৫
উদাহরণ ৩: ০.০০০৩ × ১০০০ = ০.৩
এখানে লক্ষ করো, উদাহরণ ১-এ ৬.৩২-কে ১০০ দিয়ে গুণ করার সময় দেখা গেল গুণকের ১-এর ডানে দুটি ‘০’ রয়েছে। তাই গুণফল লেখার সময় গুণ্য ৬.৩২-এর দশমিক বিন্দুটি দুই ঘর ডানে সরিয়ে ৬৩২ পাওয়া গেল। অর্থাত্ ৬.৩২-কে ১০০ দিয়ে গুণ করলে গুণফল হবে ৬৩২। একইভাবে উদাহরণ ২ ও ৩-এর সমাধান করা হয়েছে।
দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার নিয়ম
দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার ক্ষেত্রে প্রথমে দশমিক বিন্দু বর্জন করে পূর্ণ সংখ্যার গুণের মতো সাধারণভাবে গুণ করতে হয়। এরপর গুণ্য ও গুণকের দশমিক বিন্দুর ডান পাশে যতগুলো অঙ্ক রয়েছে, গুণফলের ডানদিক থেকে ততঘর আগে দশমিক বিন্দু বসিয়ে দিলে গুণফল পাওয়া যায়। যেমন: ০.৬৪ × ০.৪৩ = কত?
এই দশমিক ভগ্নাংশের গুণটি সমাধান করতে পারি এভাবে—
সমাধান: ০.৬৪ × ০.৪৩
এখানে ৬৪
×৪৩
১৯২
২৫৬০
২৭৫২
০.৬৪ × ০.৪৩ = ০.২৭৫২
উল্লিখিত উদাহরণগুলোর আলোকে অনুশীলনী ৮ (ক) এর ১ (ক) থেকে (ঠ) পর্যন্ত খুব সহজেই সমাধান করে নিতে পারবে। ১ নম্বর অনুশীলনের পর এসো, এই অনুশীলনীর সমস্যাগুলোর আদর্শ সমাধান দেখা যাক।
প্রশ্ন: ১ মিটার ৩৯.৩৭ ইঞ্চির সমান হলে ১২ মিটারে কত ইঞ্চি?
সমাধান: ১ মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি
১২ ,, ,, (৩৯.৩৭×১২) ইঞ্চি
= ৪৭২.৪৪ ইঞ্চি
এখানে ৩৯৩৭
×১২
৭৮৭৪
৩৯৩৭০
৪৭২৪৪
৩৯.৩৭ × ১২ = ৪৭২.৪৪।
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল