গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইমারিপ্রাইমারিতে সবচেয়ে বেশি সমস্যা দেওয়া হয় সংখ্যা এবং সংখ্যার বিভিন্ন ধর্ম বিষয়ে। মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা বিষয়ে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। বলো তো পৃথিবীতে মোট কতগুলো জোড় মৌলিক সংখ্যা রয়েছে? 1 কি মৌলিক সংখ্যা? নাকি যৌগিক সংখ্যা? এরপর জোর দিতে হবে গুণিতক ও গুণনীয়ক নির্ণয়ে। যে সংখ্যাগুলো 10-এর গুণিতক তারা অবশ্যই 5-এর গুণিতক হবে (কারণ কী?) তাহলে বলো তো, 1 থেকে 500-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে, যারা 3-এর গুণিতক কিন্তু 15-এর গুণিতক নয়? গুণিতক, গুণনীয়ক ভালোভাবে বুঝতে পারলে লসাগু ও গসাগু বুঝতে পারা সহজ হয়ে যায়। কখনো কি ভেবে দেখেছ, লসাগু ও গসাগু আসলে কী প্রকাশ করে? আমরা যখন তিন-চারটি সংখ্যার গসাগু বা লসাগু বের করি, প্রাপ্ত লসাগু বা গসাগুর সঙ্গে সেই সংখ্যাগুলোর সম্পর্ক কী? লসাগু নিয়ে খুব মজার একটা ব্যাপার তোমাদের দেখাচ্ছি। প্রথমে 2, 3, 4, 5-এর লসাগু বের করো এবং তা থেকে 1 বিয়োগ করো। বিয়োগফলকে আলাদাভাবে 2, 3, 4, 5 দিয়ে ভাগ করো। প্রতিবার পাওয়া ভাগশেষগুলোর দিকে তাকাও। মজার কিছু খুঁজে পেলে?প্রাইমারিতে আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো trial and error method (বাংলায় হাতুড়ে ডাক্তার পদ্ধতি!!)। ‘পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর, পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ, কার বয়স কত?’—এই সমস্যার সমাধান আমরা সাধারণত এভাবে করি—ধরি, ‘পুত্রের বয়স ক, তাহলে পিতার বয়স ৩ক, এখন ক+৩ক = ৬০...’ এটা হলো পাটিগণিতে বীজগণিতের প্রয়োগ, কিন্তু আমরা তো এখনো বীজগণিত শুরু করিনি। আচ্ছা, পুত্রের বয়স যদি 10 বছর হতো, তাহলে পিতার বয়স 65 (তিন গুণ হচ্ছে না), পুত্রের বয়স 20 দিয়ে চেষ্টা করি (তাহলে পিতার বয়স 60, সমষ্টি 20+60 = 80 হলো না), তার মানে পুত্রের বয়স 10 এবং 20-এর মধ্যে। এখন পুত্রের বয়স 11, 12, 13... ধরে দেখো তো কোনটি প্রশ্নকে পুরোপুরি সমর্থন করে? তাহলেই তুমি উত্তর পেয়ে গেলে, এটিই হাতুড়ে ডাক্তার পদ্ধতি!!পাঠ্যবইয়ের অঙ্ক করার সময় আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাই। কিন্তু অনুশীলনীর আগে থাকে উদাহরণ আর তারও আগে থাকে কিছু প্রাসঙ্গিক আলোচনা (তত্ত্ব/থিওরি)। এগুলো পড়ে নিজের ভেতর গণিতের ভিত্তিটাকে শক্ত করা খুবই জরুরি।শতকরা হিসাব, গড়, জ্যামিতির প্রাথমিক ধারণা, ক্ষেত্রফল, সমকোণ, সরলকোণ, সমকোণী ত্রিভুজ এ বিষয়গুলোতে পরিষ্কার ধারণা রাখাটা জরুরি।প্রাইমারি ‘গণনা’ বিষয়েও একটি-দুইটি সমস্যা থাকে। এ সমস্যাটি দেখো, ‘ক, খ, গ তিনটি ভিন্ন পথে তোমার স্কুলে যাওয়া যায়। তোমাকে বাসা থেকে স্কুলে গিয়ে আবার ফিরে আসতে হবে। কতটি ভিন্ন উপায়ে কাজটি করতে পারবে?’—ধরে নাও তুমি ক পথ দিয়ে স্কুলে গেলে, তাহলে ফিরে আসতে পারো ক, খ, গ তিনটি পথের যেকোনো একটি দিয়ে। অর্থাৎ তিনটি উপায়ে। আচ্ছা, তুমি যদি খ অথবা গ পথ দিয়ে যেতে, তাহলে কতটি উপায়ে ফিরে আসতে পারতে? তাহলে মোট কতগুলো উপায় খুঁজে পেলে?গণিত উৎসবে কখনোই পাঠ্যবইয়ের সমস্যা থাকে না, কখনো থাকবেও না, তবে মূল ভিত্তিটা গড়ে উঠবে পাঠ্যবই পড়ার মধ্য দিয়েই। আর এখন তো নিয়মিত প্রকাশিত হচ্ছে গণিতের বই, সেগুলো থেকে নিয়মিত সমস্যা সমাধানের চেষ্টা করো। আগের বছরের গণিত উৎসবগুলোর প্রশ্ন পাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে এবং গণিত ইশকুলে। গণিত উৎসবে নিজের স্বপ্নকে পূরণ করতে প্রয়োজন আত্মবিশ্বাস আর চেষ্টা করতে হবে নিজের চিন্তাশক্তিকে ব্যবহার করার। তাহলেই তুমি এক ধাপ এগিয়ে যাবে গণিত উৎসবে স্বপ্নপূরণের পথে।জুনিয়রবিভাগীয় গণিত অলিম্পিয়াড আসন্ন। এ উপলক্ষে যার যার মতো সবাই নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছো! তোমাদের এ প্রস্তুতির ক্ষেত্রে তাই কিছু ব্যক্তিগত মতামত জানাই। আশা করি, এই পরামর্শ তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে!অলিম্পিয়াডে প্রস্তুতির প্রথম ধাপটিই হলো নিজের পাঠ্যবইটি ভালোভাবে রপ্ত করা। পাঠ্যবইয়ের মূল অংশ তিনটি—বীজগণিত, পাটিগণিত ও জ্যামিতি। এগুলোর সব উদাহরণ, সাধারণ আলোচনা, বইয়ের সব অনুশীলনী প্রথমেই দেখে ফেলো! কোনো কিছুই বাদ দেওয়া যাবে না।প্রথমে জ্যামিতি অংশে আসা যাক।জ্যামিতিতে সম্পাদ্য, উপপাদ্যের প্রমাণগুলো যেমন বুঝতে হবে, তেমনি সেগুলোর বাস্তব প্রয়োগ কীভাবে সম্ভব, সেটা নিয়েও চর্চা করতে হবে। ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, বৃত্ত এবং অন্যান্য যা যা জ্যামিতিক চিত্র আছে, এদের জ্যামিতিক বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করো। মধ্যমা, কোণ ও বাহুর সমদ্বিখণ্ডন কোনটি কীভাবে হয়, সেগুলোও বুঝতে হবে ভালো করে।এবার আসা যাক বীজগণিতের অংশে। বিভিন্ন বিষয়ে আমাদের পাঠ্যবইতে প্রচুর আলোচনা করা আছে। কিন্তু এগুলো আমাদের স্কুলে পড়তে হয় না, তাই আমরা পড়ি না! এ কাজটি করলে কিন্তু চলবে না! চলক, সংখ্যার ঘাত বা সূচক, বীজগণিতের সূত্রগুলোর প্রমাণ, সমীকরণ সমাধান, লেখচিত্র অঙ্কন, ধারা পড়তে হবে। পাশাপাশি প্রতিটির জন্য প্রচুর পরিমাণে অভ্যাসও করতে হবে! বীজগণিত আর জ্যামিতির মাঝখানে খুব সুন্দর সম্পর্ক রয়েছে, চাইলেই যেকোনো একটিকে তুমি অন্যটির মাধ্যমে প্রকাশ করতে পারো, এই ব্যাপারগুলো বুঝতে হবে!বীজগণিত হয়ে গেলে পাটিগণিতে আসি। পাটিগণিতে যা যা আছে, বাস্তব সংখ্যা, আবৃত দশমিক, লসাগু গসাগু, সরল অনুপাত, বিপরীত অনুপাত, মৌলিক সংখ্যা, ইউক্লিডের পদ্ধতি কেন কাজ করে, সরলীকরণ, ভগ্নাংশ এবং অন্যান্য বিষয়ে পরিষ্কার ধারণা নিয়ে ঝটপট কিছু অনুশীলন করে ফেলো! ব্যস, বীজগণিতও শেষ!প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ হলো, বিগত বছরের প্রশ্নগুলো ঘাঁটাঘাঁটি করে দেখা। সেগুলো দেখলে তুমি আন্দাজ করতে পারবে গতানুগতিক গণিত পরীক্ষার সঙ্গে গণিত অলিম্পিয়াডের পার্থক্য কোন জায়গায়। গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে এ প্রশ্নগুলো সংকলন করা আছে।নিয়মিত চর্চা করলে তুমি নিজেই বুঝতে পারবে, তোমার কীভাবে পড়া উচিত, কীভাবে নিজেকে ঝালাই করলে তুমি সর্বাপেক্ষা প্রস্তুত থাকবে।একটা কথা বলে রাখা ভালো, গণিত অলিম্পিয়াডের আসরে সবচেয়ে বেশি প্রয়োজন নিজের মতো করে চিন্তা করতে পারা। অলিম্পিয়াডের সমস্যাগুলো সাধারণত এমন হয় না যে সেখানে অনেক বড় বড় হিসাব করতে দিয়ে তোমাকে বিপদে ফেলা হবে। সেখানে কিছু সূক্ষ্ম বুদ্ধির খেলা থাকে। সেটা ধরতে পারলে সমস্যার সমাধান অনেক সহজ হয়ে যায়। তবে এটা কিন্তু দু-এক দিনে হয় না, অনেকটা সময় ধরে নিয়মিত চর্চার মধ্য থেকে তার পরই এই দক্ষতা অর্জন করা সম্ভব।একটা কথা মনে রেখো, গণিত হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে আনন্দদায়ক ও উপভোগ্য বিষয়। পড়তে পড়তে, জানতে জানতে একটা সময় তুমি তোমার নিজের মধ্যেই অনুভব করবে, আপাতদৃষ্টিতে এই রস-কষহীন বিষয়টির কোথায় যেন এক অপার সৌন্দর্য লুকিয়ে আছে। এই অপার সৌন্দর্যকে খুঁজে নিতে হবে। আর একবার যদি খুঁজে নিতে পারো, তাহলে তোমাকে এর হাত থেকে বাঁচায়, এমন সাধ্যি কার। তখন তুমি নিজেই এতে সারাক্ষণ বুঁদ হয়ে থাকবে, বুঝতে পারবে, প্রকৃতির কোনায় কোনায়, আমাদের জীবনের সর্বত্র এর ছড়াছড়ি! ব্যস, আর কী চাই!তো, খুদে গণিতবিদেরা (অথবা হবু গণিতবিদেরা), এখনই নেমে পড়ো পূর্ণাঙ্গ প্রস্তুতিতে, কোমর বেঁধে নেমে সম্পন্ন করো তোমার আপাত প্রস্তুতির ক্ষেত্র। কোনো কিছু না বুঝলে, না পারলে কোনো সমস্যা নেই; চেষ্টা করতে থাকো, অবশ্যই পারবে! সর্বোপরি, লেগে থাকো! সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি, দেখা হবে গণিত উৎসব প্রাঙ্গণে!হায়ার সেকেন্ডারিগণিত অলিম্পিয়াডের সবচেয়ে সিনিয়র ক্যাটাগরি—হায়ার সেকেন্ডারি। একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে গণিত অলিম্পিয়াডের প্রত্যাশা অনেক বেশি। সে জন্য সবচেয়ে কঠিন (!) প্রশ্নটি কিন্তু এই ক্যাটাগরিতেই হয়।ভয় পেলে নাকি? ভয় পাওয়ার কিছু নেই, শুধু বুদ্ধি খাটাতে জানতে হবে, আর রাখতে হবে নিয়মিত চর্চা। গণিত অলিম্পিয়াডে ভালো করার মূলমন্ত্র এটুকুই।আসা যাক সিলেবাস প্রসঙ্গে। একাদশ-দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচিতে জ্যামিতির অংশে ইউক্লিডিয়ান জ্যামিতি নেই। তবে তোমরা যেহেতু নবম-দশম শ্রেণীতেই ইউক্লিডিয়ান জ্যামিতি পড়ে এসেছ, এ ধরনের সমস্যা তোমরা সমাধান করতে পারবে বলেই ধরে নেওয়া হয়। এ জন্য সবচেয়ে ভালো হয়, যদি তোমরা এই বইগুলো সংগ্রহে রাখতে পারো এবং নিয়মিত চর্চা করো। জ্যামিতির অংশটি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর কারণ, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যে দলটি, তাদের প্রথম লক্ষ্যই থাকে জ্যামিতির প্রশ্নগুলো ঠিকঠাক সমাধান করে দিয়ে আসা। সে জন্য জ্যামিতির দক্ষতা থাকাটা বিশেষভাবে প্রয়োজন।এর পরের অংশেই আছে সংখ্যাতত্ত্ব। সংখ্যার বৈশিষ্ট্য, বিভাজ্যতা, গসাগু-লসাগু, মৌলিক সংখ্যা—এই ধারণাগুলো অনেক ছোট ক্লাস থেকেই পড়ানো হয়। এ জাতীয় সমস্যাগুলো সমাধান করতে হবে। যারা এগুলো ভালোমতো শিখে নিয়েছ, তাদের জন্য পরামর্শ থাকবে মোডুলার অ্যারিথমেটিক সম্পর্কে কিছুটা পড়ে নিতে। সংখ্যাতত্ত্বের যেকোনো বইতেই বিষয়টি ভালোভাবে আলোচনা করা হয়।উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হলো সেট ও ফাংশন, ধারা এবং বিন্যাস-সমাবেশ। সেটের ধারণা ব্যবহার করে সমস্যা সমাধান করা জানতে হবে, ভালোমতো বুঝতে হবে ফাঁকা সেট, সেটের উপসেট, পাওয়ার সেট কিংবা ভেনচিত্রের বৈশিষ্ট্য। ফাংশনের কথা আলাদা করে বলতে হয়। কারণ, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডেও সাম্প্রতিক সময়ে ‘ফাংশনাল ইকুয়েশন’ (এমন সমীকরণ যেখানে ফাংশনটাই চলক, সেটাই খুঁজে বের করতে হয়) সংক্রান্ত সমস্যা আসে। সেটার জন্য তৈরি করতে অলিম্পিয়াডে প্রায়ই ফাংশনের কিছু শক্ত সমস্যা রাখা হয়। ধারার ক্ষেত্রে n-তম পদ বের করা কিংবা যোগফল নির্ণয় করার অনেক পদ্ধতি রয়েছে। সেগুলো বুঝতে হবে। অলিম্পিয়াডে তো বই থেকে সমস্যা তুলে দেওয়া হবে না, তাই মৌলিক ধারণাটা শক্ত হতে হবে।বিন্যাস-সমাবেশের বিভিন্ন ধরনের সমস্যা নিয়েও চর্চা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো, কোন ক্ষেত্রে দুটি সংখ্যা গুণ হবে, আর কোন ক্ষেত্রে দুটি সংখ্যা যোগ হবে, সেটা বোঝা। গৎবাঁধা সূত্রে ফেলে দেওয়ার সমস্যা আসবে না, তাই কখন বিন্যাস হয়, আর কখন সমাবেশ হয়, সেটাও বুঝতে হবে।এগুলোর পর থেকে যায় দ্বিপদী উপপাদ্য আর সম্ভাব্যতা। অনেকেই খেয়াল করে না, এই দুটো বিষয়ের সঙ্গে বিন্যাস-সমাবেশের গভীর সম্পর্ক রয়েছে। যেমন, (a+b)n এর দ্বিপদী বিস্তৃতিতে যে nCr জাতীয় সহগগুলো আসে, সেগুলো যে নেহাতই দুর্ঘটনা নয়, তার পেছনে খুব সুন্দর গাণিতিক যুক্তি রয়েছে, সেটা বুঝতে পারাটাও একটা গাণিতিক যোগ্যতা প্রমাণ করে। একই ধরনের কথা প্রযোজ্য সম্ভাব্যতার অনেক সমস্যার ক্ষেত্রেও।এগুলোর বাইরে দ্বিঘাত সমীকরণ, বহুচলক-বিশিষ্ট সমীকরণ, লগারিদম, সূচক—এ সংক্রান্ত বিষয়গুলোও থাকা উচিত পড়াশোনার তালিকায়।শেষ একটি কথা, কখনোই অল্প সময়ের প্রস্তুতি নিয়ে গণিত অলিম্পিয়াডে ভালো করা সম্ভব নয়। যদি সেটা কোনোভাবে সম্ভব হয়েও যায়, তাও সেটা নিয়ে খুব বেশি দূর এগোনো যাবে না। গণিতে দক্ষ হতে হলে চাই নিয়মিত অনুশীলন, মনের ভালো লাগা থেকেই প্রতিদিনের কাজের ফাঁকে সময় কাটাতে হবে গণিতের সঙ্গে, তাহলেই গণিতের ভাষায় কথা বলাটা রপ্ত হবে, অলিম্পিয়াডটাও হয়ে যাবে অনেক সহজ! গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি নিয়ে লেখাগুলো লিখেছেনসুব্রত দেবনাথ, অভীক রায়, কামরুজ্জামান কামরুল, সুদীপ্ত দেবনাথসেকেন্ডারিসেকেন্ডারি ক্যাটাগরি গণিত অলিম্পিয়াডের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ, সাধারণত ধরে নেওয়া হয়, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির শিক্ষার্থীরাই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার উপযুক্ত। স্বভাবতই আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে এর ছায়া পাওয়া যায়। যেমন, সাধারণত সেকেন্ডারি ক্যাটাগরির সবচেয়ে কঠিন প্রশ্নটা করা হয় কম্বিনেটরিক্স থেকে। এ ছাড়া দু-একটি কঠিন জ্যামিতি থাকে। এর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের আইএমওর জন্য প্রস্তুত করা। এ কথা গণিত ইশকুল, গণিত অলিম্পিয়াড, গণিত ক্যাম্প, সব জায়গায় বারবার বলি, শুধু আমাদের পাঠ্যপুস্তকের ধারণা দিয়েই অধিকাংশ আইএমও জ্যামিতি সমাধান করা যায়। শুধু দরকার ধৈর্য, সৃষ্টিশীলতা ও অনুশীলন। ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্তের সব ধর্ম মাথায় নিয়ে অলিম্পিয়াডে আসা উচিত। এর অর্থ হলো বইয়ের সব উপপাদ্য ও অনুসিদ্ধান্ত মাথায় রাখতে হবে। কখনো কখনো কোনো জ্যামিতির সমস্যা একটি মাত্র উপপাদ্য বা অনুসিদ্ধান্তের ভিত্তিতে তৈরি করা হয়। সেটা তখন না ধরতে পারলে সমস্যার সমাধান বেশ কষ্টকর। যেমন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি বাহু 4, 10, X। এর পরিসীমার মান কত হতে পারে? আবার, ADBC চতুর্ভুজে AB কর্ণ CBD কোণকে সমদ্বিখণ্ডিত করে। DB এবং DA বাহুদ্বয় ABC ত্রিভুজের পরিবৃত্তকে A এবং B বিন্দুতে স্পর্শ করে। ABC ত্রিভুজের পরিসীমা 20 এবং ABD ত্রিভুজের পরিসীমা 12 হলে BD-এর দৈর্ঘ্য বের করো। সমস্যাটি একই সঙ্গে ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্তের ধারণা মিশিয়ে তৈরি করা। এ ধরনের সমস্যা অনুশীলন করা খুবই প্রয়োজনীয়।আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আঞ্চলিক অলিম্পিয়াডে সাধারণত জ্যামিতিক সমস্যা উত্তর সংখ্যা দিয়ে হয়। তাই জ্যামিতিক হিসাব-নিকাশটাও গুরুত্বপূর্ণ। জ্যামিতির জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সব পাঠ্যপুস্তক অবশ্যই পঠনীয়। একই কথা প্রযোজ্য সংখ্যাতত্ত্ব, ফাংশন ও বীজগণিতের জন্য। আমাদের বইগুলোতে বিভাজ্যতা, উৎপাদক ও সংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্য মোটামুটি আলোচনা করা হয়েছে। এখানে দুটি সমস্যা উল্লেখ করা হলো: (১) A হলো সাতটি বিজোড় মৌলিক সংখ্যার গুণফল। আবার AB হলো একটি জোড় পূর্ণবর্গ সংখ্যা। B-এর কমপক্ষে কতগুলো মৌলিক উৎপাদক আছে? (২) 83438 সংখ্যাটিকে উল্টো করে লিখলেও একই থাকে। এ ধরনের সংখ্যাকে টামটা সংখ্যা ও এ ধরনের শব্দকে টামটা শব্দ বলা হয়। N হচ্ছে 6 দ্বারা বিভাজ্য একটি ছয় অঙ্কের টামটা সংখ্যা। এর সর্ব বামের এবং সর্ব ডানের অঙ্ক দুটি বাদ দিলে যে সংখ্যা পাওয়া যায়, সেটি 4 দ্বারা বিভাজ্য। N-এর কতগুলো মান থাকতে পারে? প্রথম সমস্যাটি একেবারেই সাধারণ সংখ্যাতত্ত্ব। জোড় পূর্ণ সংখ্যা মাত্রই 2 দ্বারা বিভাজ্য, এটা মাথায় রাখলেই সমস্যা সমাধিত! দ্বিতীয় সমস্যাটি অতটা সহজ নয়। কারণ, এতে সংখ্যাতত্ত্বের সঙ্গে বিন্যাসের কিছুটা মিশেল রয়েছে। উল্লেখ্য, সেকেন্ডারি ক্যাটাগরিতে যে বিন্যাস দেওয়া হয়, সেটার জন্য হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির বিন্যাস সমাবেশ জরুরি নয়। বরং একটু সময় নিয়ে চিন্তা করলেই এগুলো সমাধান করা যায়। আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি, একজন শিক্ষার্থী কোনো সাহায্য ছাড়াই যেটা সবচেয়ে সহজে আয়ত্ত করতে পারে, সেটা হলো বিন্যাস সমাবেশ। আরেকটা বিষয় বলি। অনেক সময় সমস্যায় বড় বড় সংখ্যা দেওয়া থাকে। যেমন, 2011টি বলকে 1 থেকে 2011 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে নাম্বারিং করা হলো। তোমার কাছে দুটি রং আছে—লাল আর নীল। নিয়ম হলো: n-তম বলের যে রং হবে, n+3 তম বলের রংও সেটিই হতে হবে। তুমি কতভাবে বলগুলোকে রং করতে পারবে? এসব ক্ষেত্রে অনেক সময় 2011 নিয়ে চিন্তা না করে ছোট কোনো সংখ্যা, যেমন-21, 201 ইত্যাদি নিয়ে ভাবলে সমাধান করা সহজ হয়।সবার জন্য গণিতের শুভেচ্ছা।