গণিত আনন্দে মেতে উঠেছিল লালমনিরহাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের মধ্যে গণিত ও বিজ্ঞানের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান বাংলাদেশের উদ্যোগে গত ৫ জুন লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্ল্যান লালমনিরহাট গণিত উৎসব-২০১২। লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক সহায়তায় অনুষ্ঠিত হয়এই উৎসব। এই আয়োজনে জেলার পাঁচটি উপজেলার দুটি পৌরসভা ও ৪৫টি ইউনিয়ন থেকে ১৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার।গণিত উৎসবের মেধাযাচাই পরীক্ষায় প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক এই তিন ক্যাটাগরিতে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা অংশ নেয়। উৎসবে দলগত ও ব্যক্তিগত দুভাবেই শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষা নিয়ন্ত্রণে ছিলেন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, প্ল্যান বাংলাদেশের সফিউল আযম ও গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমি কাউন্সিলর তামিম শাহরিয়ার, হাম্মাদ আলী, এনায়েত হোসেন এবং গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়কারী বায়েজিদ ভূঁইয়া। মেধাযাচাই পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জনকে মেডেল ও সনদপত্র দেওয়া হয়। এ ছাড়া তিনটি সেরা দলকে ক্রেস্ট, সনদ ও মেডেল দেওয়া হয়। প্ল্যান লালমনিরহাট গণিত উৎসবে প্রাথমিক ক্যাটাগরিতে মেধা তালিকায় (একক) চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট খোর্দ্দ সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ফাহিম হাসান ইমাম, নিম্ন মাধ্যমিক স্তরে (একক) চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আবুল কাশেম উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আসলিমা আক্তার এবং মাধ্যমিক স্তরে (একক) চ্যাম্পিয়ন হয় হাতীবান্ধা শাহ গরীবুল্লাহ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সিথী কিবরিয়া। উৎসবে সেরাদের সেরা নির্বাচিত হয় আসলিমা আক্তার। উৎসবে মেধাযাচাই ছাড়াও শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, বইমেলা, গণিত বুথ, অতিথিদের সঙ্গে গণিতবিষয়ক প্রশ্নোত্তর পর্ব, উপস্থিত শিক্ষার্থীদের গণিতবিষয়ক কুইজ প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে গণিত ও বিজ্ঞান শেখার নানা মজাদার দিক নিয়ে আলোচনা করা হয়। গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, প্ল্যান বাংলাদেশের মাহফুজার রহমান, সামেনা খাতুন এবং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের গণিতশিক্ষক রাজিয়া বেগম শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্নের জবাব দেন। এ ছাড়া আয়োজনে আরও ছিল বিজ্ঞানবিষয়ক বইমেলা, পোস্টার প্রদর্শন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে গণিতের সহজ সমাধানবিষয়ক স্টল প্রদর্শন। বিজ্ঞান জনপ্রিয়করণ কমিটি থেকে শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে নতুন নতুন ধারণা দিয়েছেন ধ্রুব, উষা, প্রমি, সুমন ও রাকিব। এসব স্টলে শিশুদের গণিতের ভীতি দূর করতে ছবি, চিত্র ও দেশীয় উপকরণের ব্যবহার দেখানো হয়। শিশুদের মেডিকেল সেবা দেয় ইএসডিও।