দেশের শিক্ষার্থীদের গণিতে দক্ষ করে তোলা এবং সেই সঙ্গে আর্জেন্টিনায় অনুষ্ঠেয় ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) যোগদানের জন্য বাংলাদেশ দলের সদস্য বাছাইয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১২ ও দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়েছে। বার্ষিক পরীক্ষার পর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হবে এবারের লড়াই। বরাবরের মতো এবারের উৎসবের সার্বিক পৃষ্ঠপোষক ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড আর সার্বিক ব্যবস্থাপনায় প্রথম আলো। এবার ১৭টি গণিত অঞ্চলে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। অঞ্চলগুলো হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, ফেনী, খাগড়াছড়ি, ঢাকা (উত্তর) ও ঢাকা (দক্ষিণ)। আঞ্চলিক উৎসবের বিজয়ীরা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠেয় দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নেবে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সেরাদের নিয়ে আয়োজন করা হবে অষ্টম বাংলাদেশ গণিত ক্যাম্প। গণিত ক্যাম্পের পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত হবে বাংলাদেশ গণিত দল, যারা আগামী জুলাইয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগ দেবে। এ ছাড়া থাকবে ২৪তম এশীয়-প্রশান্ত মহাসাগরীয় গণিত অলিম্পিয়াডে (এপিএমও) অংশগ্রহণের সুযোগ। আঞ্চলিক উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধনের তারিখ অচিরেই প্রথম আলো ও অলিম্পিয়াডের ওয়েবসাইটে (www.matholympiad.org.bd) ঘোষণা করা হবে।ক্যাটাগরি: চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।ক. প্রাইমারি, বাংলা মাধ্যম—তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫। খ. জুনিয়র, বাংলা মাধ্যম—ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।গ. সেকেন্ডারি, বাংলা মাধ্যম—নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী।ঘ. হায়ার সেকেন্ডারি, বাংলা মাধ্যম—একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।গণিত অলিম্পিয়াড ডেস্ক