গণিত উৎসবে তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ ও ১২ ফেব্রুয়ারি শেষ হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১, নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। এবারের উৎসবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হয়েছে ভিন্নভাবে। উৎসবের তথ্যগুলো বরাবর পত্রিকার মাধ্যমে প্রকাশিত হলেও এবার অনলাইনেও প্রকাশ করা হয়েছে। আঞ্চলিক উৎসব শুরু হওয়ার আগে থেকেই বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের মূল ওয়েবসাইটে (www.matholympiad.org.bd) অংশগ্রহণ এবং প্রস্তুতিবিষয়ক বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের সহায়তা করার জন্য উৎসব শুরুর আগে থেকেই একটি ফোরাম (www.matholympiad.org.bd/forum) চালু করা হয়েছে। প্রতিটি আঞ্চলিক উৎসবের সময় অনুষ্ঠানের মাঠ থেকেই অলিম্পিয়াডের ব্লগে (www.matholympiad.org.bd/ blog) এই বিষয়ে হালনাগাদ তথ্য দেওয়া হয়েছে। ফলাফল প্রকাশ করা হয়েছে অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। উৎসবের সঙ্গে জড়িত সবাই ফেসবুকে তাদের প্রোফাইল ছবি হিসেবে লোগো ব্যবহার করেছে। আঞ্চলিক উৎসবের সময় প্রশ্নপত্র প্রকাশ করা নিয়ে বাধানিষেধ থাকলেও জাতীয় উৎসবের আগে ফোরামের মাধ্যমে চর্চা করার জন্য প্রশ্নগুলো প্রকাশ করা হয়েছে। পুরো উৎসব প্রাঙ্গণ তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় ছিল। ফলে সেন্ট যোসেফ স্কুলের পুরো প্রাঙ্গনেই ইন্টারনেট ব্যবহার করা গেছে।এ বিষয়ে সাহায্য করেছে বাংলালায়ন ও বিডিকম। অনুষ্ঠানের বিভিন্ন তথ্য নিয়মিত প্রকাশ করা হয়েছে এর ফেসবুক পাতায়। ঢাকা উৎসব ও জাতীয় উৎসব সরাসরি ইন্টারনেটে সম্প্রচার করেছে কমজগৎ ডট কম। প্রতিদিন ২০ হাজারের বেশি দর্শক ইন্টারনেটে উৎসব উপভোগ করেছে।—নাসির খান