গণিত ও পঠনে দক্ষতার নেপথ্যে একই জিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একটি শিশুর পড়তে শেখার জন্য যেসব জিন দায়ী সেগুলোর অর্ধেকই আবার তার গণিত শেখার সামর্থ্যের ওপর প্রভাব বিস্তার করে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কিংস কলেজ লন্ডনের একদল গবেষক শিশুদের জিনগত ভিত্তি ও বোধশক্তির ওপর গবেষণার ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন। এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষকেরা বলেন, পঠন ও গণিতের দক্ষতার ওপর মানুষের জটিল জিনব্যবস্থার প্রভাবের কারণ অজানা। যুক্তরাজ্যের দুই হাজার ৮০০ পরিবারের শিশুদের পড়াশোনা ও গাণিতিক দক্ষতার তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ওই গবেষণা সম্পন্ন করা হয়। গবেষকেরা যাচাই করে দেখেন অনুচ্ছেদ পঠন ও অনুধাবন এবং অনর্গল কথা বলায় শিশুদের দক্ষতা কতটুকু। এরপর ওই শিশুদের ডিএনএর তথ্যও বিশ্লেষণ করে দেখা হয়, জিনগত বৈচিত্র্য বা পার্থক্যের ফলে সংশ্লিষ্ট শিশুর দক্ষতা অর্জনে কী পরিমাণ প্রভাব পড়ে।
ইউসিএলের গবেষক অলিভার ডেভিস বলেন, তাঁরা সমবৈশিষ্ট্যের শত শত শিশুর দক্ষতা এবং তাদের হাজার হাজার জিনের বৈচিত্র্যের তুলনামূলক বিশ্লেষণ করেছেন। এতে দেখা যায়, পঠন ও গণিতে দক্ষতার নেপথ্যে একধরনের সূক্ষ্ম পার্থক্যের বিষয়টি গুরুত্বপূর্ণ।
সূত্র: ফিজিক্স ডট অরগ্।