গণিত ও বিজ্ঞানের ভিত্তি মজবুত হোক
গ্রিস থেকে শুরু ২০০৪। গ্রিস। ছোট্ট শহর ডেলফি। সাকল্যে শ-পাঁচেক লোকের বাস। এর মধ্যে শ-খানেকই এসেছে সারা পৃথিবী থেকে। কনভেনশন হলে তাদের জমায়েত। ৪৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জুরিদের সভা। চলছে সমস্যা বাছাই, সমস্যায় সৌন্দর্য আর কাঠিন্য নিয়ে বিতর্ক। দর্শক হিসেবে নানা অভিজ্ঞতা হচ্ছে। বাংলাদেশের সদস্যপদের জন্য দরবার করতে এসেছি। জুরিদের সমর্থনও দরকার। আবেদনপত্রের বাইরে হাতে আছে প্রথম আলোর চার পাতার একটি ক্রোড়পত্র, যার প্রথম পৃষ্ঠায় একটি বড় ছবি। হাস্যোজ্জ্বল কিন্তু অদম্য সব মেধাবী গণিত জয়ের আকাঙ্ক্ষায় উন্মুখ। সবার দৃষ্টি আকর্ষণের সহজ রাস্তাটাই বেছে নিলাম। দেয়ালে লাগিয়ে দাঁড়িয়ে পড়লাম পত্রিকার সামনে। বাংলা পত্রিকা, কারোরই বোঝার কথা নয়। কিন্তু হলুদ টি-শার্ট পরাদের ছবি দেখে গেল সবাই। জানালাম, ৪৪ ডিগ্রি গরমে রাজশাহীতে জড়ো হয় হাজার খানেক ছেলেমেয়ে, ওরা অঙ্ক করবে; তুমুল ঝড়ে প্যান্ডেল উড়িয়ে নিয়েছে, কিন্তু বরিশালে ওরা পিছপা হয়নি। কারণ, ওরা গণিতকে ভালোবাসে। আমি জানতাম, এর পরের কাজটুকু সহজেই হবে। আইএমও অ্যাডভাইজরি বোর্ডের তখনকার সেক্রেটারি জন ওয়েভ অভ্যাসবশত কয়েকটি প্রশ্ন করলেন এবং বললেন, এমন আয়োজন কোথাও হয় বলে তিনি শোনেননি। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগ দিতে বাংলাদেশের শিক্ষার্থীদের আর কোনো বাধা থাকল না। ২০০৫ সালে মেক্সিকো অলিম্পিয়াড থেকে বাংলাদেশ অংশ নিতে শুরু করে।মেক্সিকো থেকে আর্জেন্টিনা২০০৫ সালে ফারিয়া, সাবরিনা, মাহবুব, নাফি, তাহসিন ও তাহমিদের হাত ধরে লাল-সবুজের পতাকা উড়ল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে। সেই থেকে প্রতিবছরই আমাদের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এই আয়োজনে। স্লোভেনিয়া, ভিয়েতনাম, স্পেন, জার্মানি, কাজাখস্তান ও নেদারল্যান্ড। পরপর সব অলিম্পিয়াডেই আমাদের উপস্থিতি। তারই ধারাবাহিকতায় আর্জেন্টিনার পথে রয়েছে এখন ধনঞ্জয় বিশ্বাস, সৌরভ দাশ, মির্জা মো. তানজীম শরীফ মুগ্ধ, নূর মোহাম্মদ শফিউল্লাহ ও আদিব হাসান। আমাদের ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের গাণিতিক উৎকর্ষ বৃদ্ধির গণিত উৎসবের শুরুও ২০০৪ থেকে। ছোট্ট পরিবার থেকে শুরু হয়ে এখন এটি পরিণত হয়েছে দেশের খুদে শিক্ষার্থীদের প্রাণের মেলায়। ১৮টি আঞ্চলিক অলিম্পিয়াডে প্রায় ২০ হাজার শিক্ষার্থী থেকে ধাপে ধাপে নির্বাচিত হয়েছে এবারের দল। সবার শুভকামনা সঙ্গে নিয়েই তারা গতকাল রওনা দিয়েছে ম্যারাডোনার দেশে।ফলাফল২০০৪ সালে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী অলিম্পিয়াডের প্রথম পদক অর্জনের সীমানা ঠিক করেন ২০১০ সাল। কিন্তু আমাদের লড়াকু খুদে গণিতবিদেরা নির্ধারিত লক্ষ্যের আগেই সেটি অর্জন করে। ২০০৯ সালে জার্মানি থেকে প্রথম দুটি ব্রোঞ্জ পদক লাভ করে সামিন রিসায়াত ও নাজিয়া চৌধুরী। পরের বছর তারিক আদনান মুন এবং গেল বছর ধনঞ্জয় বিশ্বাস সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। বাংলাদেশ দলের কোচ ড. মাহবুব মজুমদারের বিশ্বাস, এবারের ফল আগেরবারের চেয়ে ভালো হবে। দলের সদস্যরাও অনুশীলন করেছে প্রচুর। চেষ্টা আর সাহসে কোনো কমতি হবে না বলে জানিয়েছে সবাই। পাড়ি দিতে হবে বহু পথ সারা দেশের শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা বৃদ্ধির জন্য দরকার যুগোপযোগী কারিকুলাম, চমৎকার পাঠ্যপুস্তক, সৃজনশীল মেধা যাচাই এবং অভিজ্ঞ কিন্তু বন্ধুসুলভ শিক্ষক। আনন্দের বিষয়, বর্তমান সরকার গণিত শিক্ষার কারিকুলাম যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে। লেখা হচ্ছে নতুন বইও। এসব কিছু নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। একুশ শতকের জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের দরকার অজস্র জ্ঞানকর্মী—বিজ্ঞান ও গণিতের ভিত যাদের মজবুত। শেষ বিচারে বাংলাদেশকে একটি উন্নত দেশে উত্তরণের জন্য আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। বিজ্ঞানের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলা শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে হবে, গণিতভীতি দূর করে শ্রেণীকক্ষে গণিত শিক্ষাকে আকর্ষণীয় করতে হবে। সৃজনশীল মেধা যাচাইয়ের পথেই হাঁটতে হবে। আছে অনেক উদ্যম, অসীম উৎসাহ।আমাদের খুদে গণিতবিদেরা দেখিয়েছে একাগ্রতা, নিষ্ঠা ও ভালোবাসা কেমন করে তাদের বিশ্বমানে পৌঁছাতে সক্ষম করেছে। তাদের কাজ থেকে আমাদেরও শিখতে হবে। আমরা পারব। আমাদের পারতেই হবে। এ দেশের সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ করার জন্য এ আমাদের পারতেই হবে। জয় গণিত। জয় গণিত উৎসব। আইএমওতে সফল হোক আমাদের অভিযাত্রা।