গণিত জয়ের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকনে শীত। সূর্য ঢাকা পড়েছে ঘন কুয়াশার আবরণে। গণিত উৎসব ২০১৩ শুরু হয়েছে। কুমিল্লায় উদ্বোধনী অনুষ্ঠানে আমি যাই। জিজ্ঞেস করলাম, গণিতকে ভয় পাও না কতজন, হাত তোলো। একেবারে প্রাথমিক পর্যায়ের শিশু থেকে সবাই হাত তুলেছে। ভয় পায়, এমন একজনও পাওয়া গেল না। গণিতভীতি দূর করার স্বপ্ন নিয়ে আমরা ২০০২ সালে গণিত উৎসব ও অলিম্পিয়াড শুরু করি। আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। নববর্ষের শুরুতে এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্ব চলছে। এক খুদে শিক্ষার্থী প্রশ্ন করল, ২ কে ২ দিয়ে ভাগ করলে উত্তর ১ হয়, কিন্তু ০ কে ০ দিয়ে ভাগ করলে ১ হয় না কেন? কঠিন প্রশ্ন। বোঝানো সহজ নয়। আমাদের মধ্যে একজন গণিত শিক্ষক ছিলেন, তিনি বুঝিয়ে দিলেন কেন এই ভাগফল অনির্ণেয় সংখ্যা। কারণ, ধরা যাক ভাগফল ‘ক’। তাহলে আড় গুণন করে দেখা যাবে, ক X ০ = ০, অথবা ০ = ০; অর্থাৎ ক-এর মান নির্ণয় করা যায় না। ক্যালকুলেটরে এই ভাগফল বের করতে চাইলে সে বলবে, এটা গোলমেলে ব্যাপার (ম্যাথমেটিক্যাল এরার)! কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করার ধারণা গণিতে নেই।শীতে মাথা ঘামানোর মতো একটা প্রশ্ন আমি খুদে শিক্ষার্থীদের জিজ্ঞেস করলাম। মাঠে তখন তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস বা ৫০ ডিগ্রি ফারেনহাইট। প্রশ্ন হলো, একই তাপমাত্রা দুই স্কেলে দুই রকম, কিন্তু এমন কোনো তাপমাত্রা কি হতে পারে যা সেলসিয়াস বা ফারেনহাইট, দুই স্কেলে একই? সবাই চুপ, এক কিশোর শিক্ষার্থী দাঁড়িয়ে ঠিক উত্তরটি দিল—৪০ ডিগ্রি। সহজেই এটা প্রমাণ করা যায়। দুই স্কেলের মধ্যে সম্পর্ক হলো, শূন্য ডিগ্রি সেলসিয়াস = ৩২ ডিগ্রি ফারেনহাইট এবং ১০০ ডিগ্রি সেলসিয়াস =২১২ ডিগ্রি ফারেনহাইট। এখান থেকে আমরা বলতে পারি যে, ফারেনহাইট = ৯/৫ X সেন্টিগ্রেড + ৩২; এখন দুই স্কেলের অভিন্ন মান বের করার জন্য বাঁপাশে ফারেনহাইটের পরিবর্তে সেন্টিগ্রেড বসাই। তাহলে প্রাপ্ত সমীকরণটির সমাধান থেকে আমরা অভিন্ন মানটি পাব—৪০ ডিগ্রি।চট করে এই কঠিন প্রশ্নের উত্তর দিতে পারা সহজ নয়। আমাদের শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যেই হয়তো রয়েছে আগামী দিনের বিশ্বসেরা গণিতবিদ ও বিজ্ঞানী।