গণিত সমিতির আয়োজনে অধ্যাপক খোদাদাদ খানকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাউর রহমান অডিটোরিয়ামে গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ গণিত সমিতি।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাউর রহমান অডিটোরিয়ামে গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ গণিত সমিতি।

গণিতের প্রতি অগাধ ভালোবাসা ছিল বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খানের। দেশের শিক্ষার্থীদের মধ্যে গণিতকে জনপ্রিয় করার প্রচেষ্টা ছিল সার্বক্ষণিক তাঁর। সত্তর দশক থেকে শিক্ষার বিভিন্ন স্তরে গণিতের কারিকুলাম প্রণয়ন, পাঠ্যপুস্তক রচনা ও শিক্ষক প্রশিক্ষণে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। সদ্য প্রয়াত গণিতবিদ খোদাদাদ খান স্মরণে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এভাবে তাঁকে স্মরণ করেন।
আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে এই স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ গণিত সমিতি।
সমিতির সভাপতি অধ্যাপক সাজেদা বানুর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় খোদাদাদ খানের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন অধ্যাপক অমূল্য চন্দ্র মণ্ডল, অধ্যাপক মো. আবদুস ছামাদ, অধ্যাপক শামসুল হক মোল্লা, অধ্যাপক লুৎফুজ্জামান, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ প্রমুখ। সভা পরিচালনা করেন সমিতির সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম।
বক্তারা স্মরণসভায় বলেন, খোদাদাদ খানের মৃত্যুতে গণিত ও গণিত পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার পর গণিতের কারিকুলাম প্রণয়ন ও শিক্ষক প্রশিক্ষণে অধ্যাপক খানের অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, গণিত শিক্ষার মানোন্নয়ন, প্রসার ও জনপ্রিয় করার লক্ষ্যে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণিত অলিম্পিয়াড প্রবর্তনের জন্যও তিনি কাজ করে গেছেন। অধ্যাপক খান বিভিন্ন মেয়াদে একাধিকবার বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও সম্পাদকের দায়িত্বও পালন করেন। অবসরজীবনেও তিনি বাংলাদেশ গণিত সমিতির সব ধরনের কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতাসহ প্রত্যক্ষভাবে অংশ নেন বলে সভায় জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, মো. আইনুল ইসলাম, মো. নূরুল ইসলাম, মো. আনোয়ার হোসেনসহ শতাধিক গণিতবিদ। সভাশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুর রহমান।
আরও পড়ুন:
বিশিষ্ট গণিতবিদ খোদাদাদ খান আর নেই