গণিতে ঝোঁক ছয় মাস বয়সেই?

ছয় মাস বয়স থেকেই শিশুদের মধ্যে গণিত শেখার ঝোঁক শুরু হয়। যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী এলিজাবেথ ব্র্যানন ও তাঁর সহযোগী গবেষকেরা এ তথ্য জানিয়েছেন।
প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ছয় মাসের শিশুদের সামনে কোনো জিনিস রাখলে তারা সেগুলোর সংখ্যার পরিবর্তন বুঝতে পারে। তাদের ওই দক্ষতা বিশ্লেষণ করে দেখা যায়, আগেভাগেই শিখতে অভ্যস্ত শিশুরা সাড়ে তিন বছর বয়সেই অন্যদের চেয়ে বেশি দক্ষতা অর্জন করে।
এখন প্রশ্ন, শিশুরা গণিতের দক্ষতা নিয়েই জন্মায়? ব্র্যানন বলছেন, না। হতে পারে শিশুরা তাদের জীবনের প্রথম ছয় মাসে কিছু ঘটনার মধ্য দিয়ে গণিতের প্রতি আগ্রহী হয়ে ওঠে। গবেষকেরা ছয় মাস বয়সী ৪৮টি শিশুর ওপর পরীক্ষা চালিয়ে গণিতে তাদের সামর্থ্য দেখেন। এরপর তিন বছরের মাথায় আবার পরীক্ষাটি চালানো হয়। এতে তাদের গণনা সক্ষমতা, বৃহত্তর সংখ্যা শনাক্তকরণ ও কয়েকটি মৌলিক হিসাবের দক্ষতা যাচাই করা হয়। নেচার।