গণিতের গন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড থেকে ব্রোঞ্জপদক জয় করে এনেছে নুর মোহাম্মদ সফিউল্লাহ, সৌরভ দাশ ও আদীব হাসান। ছবি: সৈকত ভদ্র
৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড থেকে ব্রোঞ্জপদক জয় করে এনেছে নুর মোহাম্মদ সফিউল্লাহ, সৌরভ দাশ ও আদীব হাসান। ছবি: সৈকত ভদ্র

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। ১৮ থেকে ২৮ জুলাই কলম্বিয়ায় অনুষ্ঠিত ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশ লাভ করেছে তিনটি ব্রোঞ্জপদক ও একটি সম্মানসূচক স্বীকৃতি। ৯৭টি দেশের ৫২৮ জন প্রতিযোগী অংশ নেয়। ভিড় করেছিল কলম্বিয়ায় সান্তা মার্তা শহরের অ্যান্টিনিও নারিনো বিশ্ববিদ্যালয়ে। ছয়টি প্রশ্নে মোট ৪২ নম্বরে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় ৩১ বা তার চেয়ে বেশি পাওয়া শিক্ষার্থীদের স্বর্ণ, ২৪ থেকে ৩০ পাওয়া শিক্ষার্থীদের রৌপ্য এবং ১৫ থেকে ২৩ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের ব্রোঞ্জপদক দেওয়া হয়। ঢাকা কলেজের নুর মোহাম্মদ সফিউল্লাহ ২১ নম্বর, সৌরভ দাশ ১৫ ও ময়মনসিংহ জিলা স্কুলের আদীব হাসান ১৭ নম্বর পেয়ে ব্রোঞ্জপদক লাভ করে। চতুর্থ প্রতিযোগী ময়মনসিংহের আনন্দমোহন কলেজের জাহিদুল হাসান ৭ নম্বর পেয়ে লাভ করে সম্মানসূচক স্বীকৃতি। আইএমওতে অংশ নেওয়া চার প্রতিযোগীর সঙ্গে কথা হয়। জানা যায়, ২১ জুলাই সান্তা মার্তা শহরে পা রাখে বাংলাদেশ গণিত দল। সমুদ্রতীরবর্তী রিসোর্ট ইরোটামায় সব দেশের প্রতিযোগীরা অবস্থান করে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথমবারের মতো অংশ নেয় আনন্দমোহন কলেজের শিক্ষার্থী জাহিদুল হাসান। জাহিদ জানায়, প্রথমবারের মতো বিদেশভ্রমণ, তাও আবার ২৫ ঘণ্টার বেশি সময় ধরে বিমানযাত্রা। প্রথম বিমানে চড়ার অভিজ্ঞতা, আইএমও উদ্বোধনী অনুষ্ঠান ছিল অত্যন্ত আকর্ষণীয়। স্কুল-কলেজপড়ুয়া ৭ থেকে ১৯ বছরের একদল শিক্ষার্থী স্প্যানিশ গান গেয়ে পুরো উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে রাখে। সাংস্কৃতিক দলের সদস্যরা অংশ নেওয়া দলকে নেচেগেয়ে মঞ্চে নিয়ে আসে। প্রত্যেকের সঙ্গে ছিল নিজ নিজ দেশের জাতীয় পতাকা।

কলম্বিয়া আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০১৩-তে অংশ নেওয়া বাংলাদেশ দলের চার সদস্য
কলম্বিয়া আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০১৩-তে অংশ নেওয়া বাংলাদেশ দলের চার সদস্য

২০১২ সালেও আইএমওতে ব্রোঞ্জ পেয়েছিল সফিউল্লাহ ও সৌরভ। সৌরভ বলে, ‘আইএমওতে আয়োজন করা বেশ কটি লেকচারে আমরা অংশ নিই। গাণিতিক সমস্যানির্ভর প্রোগ্রামিং সফটওয়্যার ম্যাটলাবের ওপর ছিল কর্মশালা।’মানুষে মানুষে সখ্য, ঐক্য, ভালোবাসা ও মুক্তির জন্য বিজ্ঞান ও গণিতের উত্তরোত্তর ব্যবহারের আহ্বানের মধ্য দিয়ে ২৭ জুলাই শেষ হয় আইএমওর ৫৪তম আয়োজন। বাংলাদেশের শিক্ষার্থীরা মোট ৬০ নম্বর পেয়ে ৬১তম স্থান লাভ করে। আইএমওতে পাঁচটি স্বর্ণ ও একটি রৌপ্য নিয়ে ২০৮ নম্বর পেয়ে শীর্ষস্থান দখল করে চীন। সমসংখ্যক পদক নিয়ে ২০৪ নম্বর পেয়ে দ্বিতীয় হয় দক্ষিণ কোরিয়া। ৯৭টি দেশের মধ্যে আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ২৯তম (১২২ নম্বর), শ্রীলঙ্কা ৫৬তম (৬৫ নম্বর), পাকিস্তান ৭৯তম (২৫ নম্বর) স্থান লাভ করে। আগামী বছরের আইএমও অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে।