গণিতের চিকিৎসক!!!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিউটনের তৃতীয় সূত্র ঠিক নয়!! যেমন, ধরেন আমি যদি একজন মরা মানুষকে ঘুষি মারি, তাহলে সে কি আমাকেও সমান জোরে একটি ঘুষি মারবে?’ বাংলাদেশ গণিত উৎসব ২০১২-এ কুষ্টিয়ায় জুনিয়র পর্যায়ের একটি মেয়ের এ ধরনের প্রশ্নে আমরা যারা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, তারা সবাই হতভম্ভ হয়ে যাই। মেয়েটি আরও একটু ব্যস্ত কণ্ঠে আবার বলে উঠল, ‘আমার বেশি সময় নাই, আমাকে এখনই বলুন, নিউটনের তৃতীয় সূত্র সঠিক কি না?’ মেয়েটির বেশি সময় না থাকারই কথা। নিউটনের তৃতীয় সূত্র সংশোধন করার চিন্তা যার মাথায়, তার বেশি সময় কোথায়!! নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, মরা মানুষটি যদি উঠে এসে মেয়েটিকে সমান জোরে একটি ঘুষি মেরে দিত, তবে মেয়েটি যে কত খুশি হতো। ভাগ্যিস আমাদের গণিত একাডেমিক দলে একজন চিকিৎসক ছিলেন। চিকিৎসক সৌমিত্র চক্রবর্তী। তিনি অত্যন্ত সুন্দর ও গাণিতিকভাবে নিউটনের তৃতীয় সূত্র ব্যাখ্যা করলেন এবং মেয়েটিকে বুঝিয়ে দিলেন যে নিউটনের তৃতীয় সূত্র সত্য এবং ওই মরা মানুষটিও তার ঘুষির প্রতিউত্তর দিয়েছে, কিন্তু যেহেতু সে মরা, তাই তার ঘুষিটি মেয়েটির নাকের ওপর পড়েনি। আর নাকের ওপরই যে পড়বে, সে কথা নিউটনও বলে দেননি। খাওয়া-দাওয়ার কমতি থাকে না গণিত অলিম্পিয়াড দলে। যশোরে কনকনে শীতে এনাম ভাইয়ের মায়ের হাতের রসপিঠা এবং খেজুরের রস, খুলনায় গলদা চিংড়ি এবং গোপালগঞ্জে গরম গরম রাজভোগের কথা ভোলার নয়। আমার আবার পেটের সমস্যার সঙ্গে কিছু ওষুধ থাকত, এবার তো সঙ্গে চিকিৎসকই আছেন। চিকিৎসক সৌমিত্র চক্রবর্তী ‘প্রাণের মাঝে গণিত বাজে’ প্রকাশ করে দেখিয়েছেন কত সুন্দর করে জ্যামিতি বোঝা যায়। গণিতের প্রতি অগাধ তৃষ্ণার কারণে চিকিৎসাশাস্ত্রে গণিতের ব্যবহার নিয়ে গবেষণা করতে যথেষ্ট আগ্রহ আছে। চিকিৎসকদের এ ধরনের নেশা সাধারণত দেখা যায় না। অথচ চিকিৎসাশাস্ত্রের উন্নতির জন্য গণিতের ব্যবহার খুবই প্রয়োজন। কুষ্টিয়া, যশোর, খুলনা এবং গোপালগঞ্জের ভেন্যুতে সৌমিত্রের সঙ্গে ছিল মোহাইমেন, শিশির, রাচি ও প্রমি এবং সার্বিক তত্ত্বাবধানে বায়েজিদ জুয়েল। একাডেমিক দলের শিশিরের হাতে সব সময় একটা ল্যাপটপ থাকে। গাড়ির ভেতরে বসে বসে সে দুনিয়ার গণিতের প্রশ্ন বের করে আর সেগুলোর সঠিক উত্তর যাচাই করে নেয়। প্রশ্নপত্র সঠিক আছে কি না, কোনো প্রশ্নে কোনো অংশ বাদ দিলে বা সংযুক্ত করলে প্রশ্নের মান বৃদ্ধি পায় কি না—সে আলোচনাও তারা করে নেয় পথ চলতে চলতে। আবার গণিত অলিম্পিয়াডে ওদের দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ ফলাফল তৈরি করতে। সবাই যেন গণিতের চিকিৎসক!ড. রাশেদ তালুকদার: অধ্যাপক, গণিত বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।