গণিতের জয়জয়কার
এত বড় কম্পাস, ওরে বাবা রে! বলল দিনাজপুরে আসা এক খুদে গণিতবিদ। জিলা স্কুলের ফটক দেখে তো খুদে গণিতবিদেরা অবাক। হ্যাঁ পাঠক, আপনি ঢুকে পড়েছেন গণিত উৎসবে।দিনাজপুর গণিত উৎসব হবে জিলা স্কুলে, তাই দিনাজপুর জিলা স্কুল সেজেছিল পুরো গণিতের আবহে। জিলা স্কুলের ফটকে ছিল দশম গণিত উৎসবের লোগো কম্পাস দিয়ে সাজানো। ভেতরে গিয়ে তো দেখলাম রীতিমতো অবাক কাণ্ড! তথ্যকেন্দ্র ও আসনবিন্যাস টাঙানো যেখানে, সেখানে তো প্রচণ্ড ভিড় লেগেই আছে। ‘গণিত শেখো স্বপ্ন দেখো’—এ চিরন্তন স্লোগানের সঙ্গে এ বছরে প্রতিপাদ্য, ‘আমাদের প্রকৃতি আমরাই বাঁচাব’ -এর মধ্য দিয়ে শুরু হলো দিনাজপুর আঞ্চলিক গণিত উৎসব। ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক পৃষ্ঠপোষকতায়, প্রথম আলোর ব্যবস্থাপনায় উৎসবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। দশম গণিত আঞ্চলিক উৎসব শুরু হয় ১৮ ডিসেম্বর কুষ্টিয়া ও দিনাজপুরে অনুষ্ঠানের মধ্য দিয়ে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার শিক্ষার্থীরা জড়ো হয় দিনাজপুর জিলা স্কুলে। ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৫৯ জন শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা তোলার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। শিক্ষার্থীরা যখন গণিত সমাধানে ব্যস্ত, তখন অভিভাবকেরা ব্যস্ত নিজেদের মধ্যে গণিত আড্ডায়। অনুষ্ঠানস্থলে ছিল বাংলাদেশ গণিত অলিম্পিয়াড, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, তাম্রলিপি, বিজ্ঞান একাডেমি, অনুপম প্রকাশনী,সময় প্রকাশনীসহ বিভিন্ন গণিতের স্টলে ছিল শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের ভিড়। পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক বলরাম রায়, অধ্যাপক শাহাদাৎ হোসেন খান, বিজ্ঞান একাডেমির বিকাশ চন্দ্র সরকার, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. শাহিন আক্তার। সাংস্কৃতিক পর্বে দিনাজপুর বন্ধুসভা পরিবেশন করে রবীন্দ্রনাথের কাব্য নাটক দেবতার গ্রাস। এ ছাড়া নৃত্য পরিবেশন করে পঞ্চম শ্রেণীর ছাত্রী মৃত্তিকা। গণিতের গানের পর ফলাফল ঘোষণা ও সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দিনাজপুরের উৎসব। ব্যতিক্রম নয় রংপুর১৯ ডিসেম্বর শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের ভিড় রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত গণিত উৎসবে। কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট, গাইবান্ধা ও রংপুর জেলার ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে সকাল ১০টায় শুরু হয় উৎসব। নানা আয়োজনের মধ্য দিয়ে জমে উঠেছিল দশম জাতীয় গণিত উৎসবের দ্বিতীয় দিন। বাদকদলের বাজনায় আগে থেকেই বোঝা গেল অনুষ্ঠানের আমেজ। শিক্ষার্থীরা প্রচণ্ড শীত উপেক্ষা করে অনেক উৎসাহ নিয়ে উপস্থিত হয় অনুষ্ঠানস্থলে। সকালে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে পতাকা তোলার মধ্য দিয়ে রংপুর জিলা স্কুলে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান। বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের রংপুর শাখার ব্যবস্থাপক মনজুরুল কাদের ও রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের গণিতের শিক্ষক আবু তালহা সিদ্দিক। পরীক্ষা শেষে চলে উত্তরপত্র মূল্যায়নের কাজ। অন্যদিকে মাঠে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রশ্নোত্তর পর্ব। উপস্থিত ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষক হাফিজুর রহমান, কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ খাইরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান সোহাগ।