গণিতের বীরেরা কে কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজিয়া চৌধুরী, সামিন রিয়াসাত ও তারিক আদনান
নাজিয়া চৌধুরী, সামিন রিয়াসাত ও তারিক আদনান

বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব আমাদের স্লোগান ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’তে নতুন মাত্রা যোগ করেন। এটি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের শিক্ষার্থীদের পদচারণ। প্রাথমিক সাফল্যের পর যাঁরা বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক), টোকিও বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছেন, যাচ্ছেন তাঁরা এখন প্রতিনিয়ত এই স্বপ্নকে সফল করতে কাজ করছেন।
এসব কথা মনে পড়েছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ব্রোঞ্জপদক বিজয়ী সৌরভ দাস ও ইনফরমেটিকস অলিম্পিয়াডের ব্রোঞ্জপদক জয়ী বৃষ্টি শিকদারের এ বছর এমআইটি, স্ট্যানফোর্ড, ক্যালটেক, কেমব্রিজসহ বিখ্যাত অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হওয়ার কথা শুনে।
২০০৫ সালে যে ছয়জনকে নিয়ে আমাদের আইএমওর যাত্রা শুরু তাঁদের মধ্যে মাহবুবুর হাসান ও শাহরিয়ার রউফ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে লেখাপড়া শেষ করে এখন বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলে কাজ করছেন। বুয়েট থেকে পাস করে এআইইউবিতে কিছুদিন শিক্ষকতা করে রাফাতুল ফারিয়া এখন ন্যানোইলেকট্রনিকস নিয়ে উচ্চতর গবেষণা করছেন পার্দু বিশ্ববিদ্যালয়ে। ব্যবসা প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করে এখন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অর্থনীতি ও ফিন্যান্সে মাস্টার্স করছেন সাবরিনা তাবাসসুম। চুয়েট থেকে প্রকৌশলে ডিগ্রি করে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর হয়ে এখন একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন সৈয়দ মোস্তফা তাহসিন। আর দেশের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানো এবং সেটিকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছেন তাহমিদুল ইসলাম।
ক্যালটেক থেকে গণিতে স্নাতক হয়ে এখন সেখানেই পিএইচডি করছেন তানভীর আহমেদ ভুইঞা (২০০৭)। তাঁরই অনুসারী জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে সৌমেন দাস (২০০৬, ২০০৭)। অন্যদিকে বুয়েট থেকে পাস করে সেখানেই শিক্ষকতা করে এখন পিএইচডি করার জন্য কানাডা যাবেন শহিদুল ইসলাম (২০০৬, ২০০৭)।
কেমব্রিজ থেকে গণিতে ডিগ্রি করে দেশে ফিরে এসেছেন আইএমওতে দেশের জন্য প্রথম ব্রোঞ্জপদক জয়ী সামিন রিয়াসাত (২০০৯), শিক্ষকতা করছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে। প্রথম ব্রোঞ্জপদক জয়ীর আরেকজন নাজিয়া চৌধুরী (২০০৯) এমআইটিতে বাংলাদেশের বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য এক নতুন দরজা উন্মুক্ত করেছেন। আগামী কয়েক মাসের মধ্যে স্নাতক ডিগ্রি শেষে দেশে ফেরার ইচ্ছে রয়েছে তাঁর। দেশে কিছুদিন কাজ করে পুনরায় মেডিসিনে উচ্চতর ডিগ্রি করার ইচ্ছে। অন্যদিকে এমআইটি আর ইয়েল বিশ্ববিদ্যালয়ের অফার ফেলে হার্ভার্ডে পড়তে যাওয়া আরেক ব্রোঞ্জপদক জয়ী তারিক আদনান (২০১০) তাঁর কো-কারিকুলার অ্যাকটিভিটিগুলোও দারুণভাবে সচল রেখেছেন। বর্তমানে তিনি হার্ভার্ড অ্যাপ্লাইড ম্যাথ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং হার্ভার্ড সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশনের পাবলিসিটি চেয়ার। নাজিয়া চৌধুরী এবং তারিক আদনানের সমসাময়িক হক মুহম্মদ ইশফাক সুযোগ পেলে দেশে দেশে গণিত ক্যাম্পে ব্যস্ত সময় কাটান। এ বছর গ্রামের মেয়েদের ক্যাম্প করার জন্য নিজের বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড থেকে একটি গ্র্যান্টও জোগাড় করেছেন!
শুধু আইএমওতে অংশগ্রহণই নয়, বরং যাঁরা বাংলাদেশের গণিত ক্যাম্পে অংশ নেয় তাদেরও গুরুত্ব দিচ্ছে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলো। এই কারণে এখন এমআইটিতে রয়েছেন তামান্না ইসলাম, সিঞ্জিনি সাহা, ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন দীপাঞ্জন রায়। দিনাজপুরে পরিবেশ রক্ষার্থে আবর্জনাকে তার সৃষ্টি উৎসে পৃথক করার একটি প্রকল্প নিয়ে কাজ করছেন তামান্না ইসলাম। আর তত্ত্বীয় পদার্থবজ্ঞানের অন্যতম সম্মানজনক প্রতিষ্ঠান পেরিমিটার ইনস্টিটিউট অব থিওরিটিক্যাল ফিজিকসে স্থানকালের বক্রতার সঙ্গে সুপারসিমেট্রির সম্পর্ক নিয়ে অধ্যাপক জোওমি গোমেসের তত্ত্বাবধানে গবেষণা করছেন নাফিজ ইশতিয়াক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞানে ডিগ্রি নিয়েছেন তিনি। ইচ্ছে করলেই এই তালিকাটিকে আরও বড় করা যায়।
আমাদের গণিতের এই পূজারিরা কেবল নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন না। সময় পেলে গণিত ক্যাম্প, কর্মশালা, প্রোগ্রামিং আড্ডাসহ নানান কর্মকাণ্ডে যুক্ত থাকেন। আর ক্ষণে ক্ষণে আমাকে স্মরণ করিয়ে দেন, ‘স্যার, আমরা দেশে ফিরব। আমাদের কাজের জায়গা তৈরি করেন।’
শুধু বিদেশে নয়, দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতেও আমাদের খুদে গণিতবিদেরা তাদের সাফল্যের জয়রথ এগিয়ে নিচ্ছে। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের এখন পর্যন্ত একমাত্র রৌপ্য পদকজয়ী ধনঞ্জয় বিশ্বাস (২০১১) পড়ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগে। এ ছাড়া কাজি হাসান যুবায়ের, নাফিজা আনজুম পড়ছেন বুয়েটে আর প্রাণন রহমান খান শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। আইএমওতে বাংলাদেশের প্রতিনিধিত্বকারীদের বাকিরা এখনো এইচএসসির গণ্ডি পেরোয়নি।