গত বছরে কেমন ছিল নিরাপত্তা সফটওয়্যারের ব্যবসা?

গত বছরে বিশ্বজুড়ে নিরাপত্তা সফটওয়্যারের ব্যবসা বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার বলছে, ২০১৫ সালে বিশ্বজুড়ে নিরাপত্তা সফটওয়্যার থেকে আয় দাঁড়িয়েছে ২ হাজার ২০০ কোটি ডলারের বেশি। ২০১৪ সালের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ আয় বেড়েছে এই খাত থেকে।
নিরাপত্তা তথ্য ও ইভেন্ট ম্যানেজমেন্ট (এসআইইএম) খাতটি গত বছরে সবচেয়ে বেশি দ্রুতগতিতে এগিয়েছে। এর বৃদ্ধির হার ছিল ১৫ দশমিক ৮ শতাংশ। তবে গ্রাহক নিরাপত্তা সফটওয়্যারের ক্ষেত্রে বৃদ্ধির হার ৫ দশমিক ৯ শতাংশ কমেছে।
গার্টনারের প্রধান গবেষণা বিশ্লেষক সিড দেশপান্ডে বলেন, জটিল প্রোডাক্ট পোর্টফলিও নিয়ে বড় সফটওয়্যার নির্মাতারা খুব বেশি সুবিধা করতে পারেনি, তবে ছোট ও বিশেষায়িত নিরাপত্তা সফটওয়্যার নির্মাতাদের বাজারে চাহিদা বেড়েছে।
বাজারে ৬ দশমিক ২ শতাংশ আয় কমলেও গত বছর নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা হিসেবে শীর্ষে ছিল সিমানটেক। গত বছরে প্রতিষ্ঠানটির ৭৪ শতাংশ আয় এসেছে গ্রাহক ও এন্ডপয়েন্ট প্রটেকশন প্ল্যাটফর্ম বিভাগ থেকে।
গত বছরে ইনটেলের সিকিউরিটি সফটওয়্যারের আয়ও কমেছে। তাদের আয় কমেছে ৪ দশমিক ১ শতাংশ। তবে শীর্ষ পাঁচ নিরাপত্তা সফটওয়্যার নির্মাতার মধ্যে প্রবৃদ্ধি হয়েছে আইবিএমের। তাদের নিরাপত্তা সফটওয়্যারের প্রবৃদ্ধি হয়েছে আড়াই শতাংশ। তথ্যসূত্র: আইএএনএস।