গতিময় জীবনের প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিন ভোরের পাখি হয়ে বেরিয়ে পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সদস্যরা
প্রতিদিন ভোরের পাখি হয়ে বেরিয়ে পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সদস্যরা

পৃথিবী তখনো ঘুমিয়ে, পাখিরা ব্যস্ত মানুষকে জাগিয়ে তোলার কাজে, সূর্য মাত্র রং ছড়াতে শুরু করেছে আর সেই রং গায়ে মেখে ঝলমল করছে সকালের শিশির। এমন পরিবেশে প্রতিদিন ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে প্রশস্ত রাস্তা ধরে সাইকেল চালাতে কেমন লাগে? প্রশ্ন করেছিলাম জাহাঙ্গীরনগর সাইক্লিং ক্লাবের সদস্য আহমেদ আসিফকে। তিনি বলেন, ‘সকালের এই রাইডটা শরীর-মন দুটোকেই প্রফুল্ল রাখে আর গতিময় এই জীবনে আরও সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।’

মোটরযানের বিকল্প হিসেবে নিরাপদ সাইক্লিংয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে এ বছর ১ সেপ্টেম্বর গঠিত হয় জাহাঙ্গীরনগর সাইক্লিং ক্লাব। ক্লাবের সদস্য হওয়ার শর্ত হচ্ছে আপনার অবশ্যই একটি সাইকেল থাকতে হবে।

‘ব্রিকলেন টু বাংলাদেশ’ শিরোনামে বাংলাদেশে সাইক্লিংয়ে আসা টম ও লুককে বিডি ও সাভার সাইক্লিংয়ের সহায়তায় অভ্যর্থনা দিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসেন ক্লাবের সদস্যরা। সেই থেকে বিশ্ব জয়ের স্বপ্ন ক্লাবের সদস্যদের।

ক্লাবে রয়েছেন অনেক নারী সদস্যও। তেমনি একজন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহী বলেন, ‘মেয়ে বলে সাইক্লিংয়ে অনেক প্রতিবন্ধকতা এসেছে, তবে সেটাকে জয়ও করেছি।’

প্রতিদিনের রুটিন ভ্রমণ ছাড়াও সময় পেলেই দীর্ঘ ভ্রমণে বেরিয়ে যান এই সাইক্লিস্টরা। ক্লাবের প্রতিষ্ঠাতা হুসাইন কবির ও সভাপতি আরিফ বলেন, ‘একদিকে সাইকেল পরিবেশবান্ধব, অন্যদিকে জ্যাম, হরতাল কিংবা অবরোধ, কোনোটাই একজন সাইক্লিস্টের গতিকে থামিয়ে দিতে পারে না। আমি স্বপ্ন দেখি সবার জন্য সাইকেল হবে গতিশীল জীবনের অনুপ্রেরণা।’