গন্ডারের টেস্টটিউব
নর্দার্ন হোয়াইট রাইনো নামে পরিচিত বিলুপ্তপ্রায় গন্ডার প্রজাতির বংশবিস্তারের জন্য বিশেষজ্ঞরা টেস্টটিউব বা ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতি প্রয়োগ করতে যাচ্ছেন। বিশ্বে বর্তমানে এই প্রজাতির মাত্র পাঁচটি গন্ডার বেঁচে আছে। কেনিয়ার রাজধানী নাইরোবিতে প্রাণী সংরক্ষণবিদেরা গত মঙ্গলবার সিদ্ধান্ত নেন, স্ত্রী গন্ডারগুলোর ডিম্বাণু সংগ্রহ করে সেগুলো বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হবে এবং পরবর্তী সময়ে আইভিএফ পদ্ধতিতে প্রাণীটির বংশবৃদ্ধিতে কাজে লাগানো হবে। জার্মানির বার্লিনের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে ওই গন্ডারের কিছু ডিম্বাণু সংরক্ষণ করেছে। নিশ্চিত সাফল্যের লক্ষ্যে বিজ্ঞানীরা আইভিএফ পদ্ধতির আরও আধুনিকায়ন পর্যন্ত অপেক্ষা করতে চান। চেক প্রজাতন্ত্রের দভুর ক্রালভ চিড়িয়াখানার গবেষক জেন স্তেসকাল বলেন, এ ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে আরও অনেক আলোচনা করেই কাজ শুরু করা হবে। তবে আপাতত তাঁরা প্রাণীটির অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে প্রথম ধাপ শুরু করেছেন। বিবিসি।