
বজ্রবিদ্যুৎ নিয়ে গবেষণার নজির তুলনামূলক কম। উনিশ শতকের একবারে শেষ দিকে যুক্তরাষ্ট্রের একজন উদ্ভাবক গবেষণাগারে বজ্রবিদ্যুৎ তৈরি করেছিলেন। তবে বজ্রবিদ্যুৎ তৈরির প্রক্রিয়া সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলোরাডোর একদল গবেষকের দাবি, তাঁরা এবার গবেষণাগারে বজ্রবিদ্যুৎ তৈরিতে সাফল্য পেয়েছেন। সংশ্লিষ্ট গবেষণার ফলাফল জার্নাল অব ফিজিক্যাল কেমিস্ট্রি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষকেরা বিশেষ দ্রবণ থেকে সৃষ্ট মেঘ থেকে বজ্রবিদ্যুৎ তৈরি করেছেন এবং এটি প্রায় আধা সেকেন্ড স্থায়ী হয়। সংশ্লিষ্ট গবেষক মাইক লিন্ডসে বলেন, প্রকৃতির ঘটনাপ্রবাহকে বর্ণনা করার জন্য বজ্রবিদ্যুৎ পর্যবেক্ষণ করা হয়। তবে সাধারণ আলোকচ্ছটা দিয়ে বজ্রবিদ্যুৎকে বর্ণনা করা সম্ভব নয়। প্রকৃতি পর্যবেক্ষণের জন্য বজ্রবিদ্যুৎ একমাত্র ঘটনা নয়; বরং পর্যবেক্ষণযোগ্য অনেকগুলো ঘটনার একটি।
সাধারণত খোলা প্রান্তর, উঁচু গাছ, ভবন বা বিমানের রানওয়েতে প্রাকৃতিক বজ্রপাত ঘটে। তবে এ ধরনের ঘটনা দুর্লভ হওয়ায় বজ্রপাতের গতিবিধি নিয়ে গবেষণা সব সময়ই বেশ কঠিন। কলোরাডো অঙ্গরাজ্যে অবস্থিত ইউএস এয়ারফোর্স একাডেমির গবেষকেরা বলছেন, তাঁদের নতুন প্রাপ্তি বজ্রবিদ্যুতের গতিবিধিসংক্রান্ত গবেষণাকে অনেক দূর এগিয়ে নেবে। তাহলে হয়তো একদিন আমাদের ব্যবহার্য বিদ্যুৎ উৎপাদনেও নতুন মাত্রা যোগ করবে বজ্রবিদ্যুৎ। বিবিসি।