গবেষণাপ্রতিষ্ঠানকে সাবমেরিন দিলেন জেমস ক্যামেরন
‘ডিপ সি চ্যালেঞ্জার’ নামের যে সাবমেরিনটি নিয়ে সমুদ্রের গভীরতম স্থানে পাড়ি দিয়েছিলেন ‘টাইটানিক’খ্যাত জেমস ক্যামেরন সম্প্রতি একটি গবেষণাপ্রতিষ্ঠানকে তিনি সেটি দান করেছেন।বিজ্ঞানের ভবিষ্যত্ গবেষণা ও উন্নয়নের জন্য এ সাবমেরিনটি তিনি যুক্তরাষ্ট্রের উডস হোল ওশানগ্রাফিক ইনস্টিটিউশনস (ডব্লিউএইচওআই) নামের একটি প্রতিষ্ঠানকে দান করেছেন।ডব্লিউএইচওআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও উন্নত সাবমেরিন তৈরি ও গভীর সমুদ্র সংক্রান্ত গবেষণায় ক্যামেরনের ‘ডিপ সি চ্যালেঞ্জার’ ব্যবহূত হবে।জেমস ক্যামেরন এ প্রসঙ্গে জানিয়েছেন, সাত বছর ধরে নকশা ও গবেষণা করে তৈরি করা সাবমেরিনটি গভীর সমুদ্র নিয়ে গবেষণা করছেন এমন বিজ্ঞানীদের জন্য কাজে লাগাতে তা দান করে দিয়েছেন।গুয়াম থেকে ২০০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে যেতে ডিপ সি চ্যালেঞ্জার ব্যবহার করেছিলেন রোমাঞ্চপ্রিয় জেমস ক্যামেরন। গভীর সমুদ্রের এ স্থানটিতে তাঁর আগে, মাত্র একবার মানুষের পদচিহ্ন পড়েছিল। ১৯৬০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দুজন নৌসেনা মাত্র ২০ মিনিটের জন্য সেখানে গিয়েছিলেন। সাগরের তলদেশের এ জায়গাটি ৬ দশমিক ৮ মাইল গভীর (১১ কি.মি.)। মারাত্মক ঝুঁকিপূর্ণ এই স্থানটিতে যাওয়ার জন্য ক্যামেরন ব্যবহার করবেন ১২ টন ওজনের ডুবোজাহাজ ডিপ সি চ্যালেঞ্জার। ডিপ সি চ্যালেঞ্জারে করে প্রশান্ত মহাসাগরের ১১ কিলোমিটার নিচের এ স্থানটিতে কোনো রকম বিপত্তি ছাড়াই এক ঘণ্টা সময় কাটিয়ে এসেছেন ক্যামেরন। সেখানে দৃশ্য ধারণের পাশাপাশি গবেষণাকাজে ব্যবহারের জন্য নমুনাও সংগ্রহ করে এনেছেন তিনি যার মধ্যে রয়েছে আগের অনাবিষ্কৃত অনেক প্রাণী। নিজের নকশা করা সাবমেরিন নিয়ে একাই এ অভিযান সম্পন্ন করেন ক্যামেরন। ডিপ সি সাবমেরিনটির উন্নত প্রযুক্তি আর কারিগরি দক্ষতার কারণেই সমুদ্রের তলদেশের পানির প্রচণ্ড চাপ সামলে সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠে আসতে তাঁর সময় লাগে মাত্র ৭০ মিনিট, যা প্রত্যাশিত সময়ের চেয়ে অনেকটাই কম। ডিপ সি চ্যালেঞ্জার তুলনামূলকভাবে অনেক কম সময়ে খাড়াভাবে সমুদ্রের তলদেশে চলে যেতে পারে। জেমস ক্যামেরনের বদান্যতায় অন্যান্য গবেষকদেরও সাগরতলের নানা অজানা তথ্য জানা সম্ভব হবে বলেই মনে করছে ডব্লিউএইচওআই।