গরম ভয়ংকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আদি বিজ্ঞান বলেছিল, গরম হলো ‘ক্যালরিক’ নামক বস্তুর কারসাজি! আধুনিক বিজ্ঞান ‘ক্যালরিক তত্ত্ব’কে ডান্ডা মেরে ঠান্ডায় নিলডাউন করে রেখেছে; কিন্তু গরমকে শায়েস্তা করতে পারেনি। গরম যে হারে বাড়ছে, তা আমাদের মতো নরম-কোমল ত্বকের প্রাণীর জন্য ১০ নম্বর কড়া বিপৎসংকেত! পৃথিবী যেন সূর্যের কাছাকাছি গিয়ে ব্রেক কষে বসে আছে! সূর্য মনের সুখে ‘মানবচাঁদি’র ওপর ভিটামিন ‘ডি’ বিতরণ করছে! কোনো ‘ডট কম’ পোর্টালে গরম বেচে দেওয়া গেলে ভালো হতো।
বৃষ্টিধারায় ফোটে কদম ফুল। তাই কবিগুরু বলেছেন, ‘বাদল দিনের প্রথম কদম ফুল’। কিন্তু হায়, ‘বৃষ্টি’ এখন যেন কেবলই ললনার নাম! কদম ফুল চিরায়ত নিয়মে আর কত দিন ‘ফুটবে’ বলা যায় না; চরম গরমে হয়তো ভুট্টাদানার মতো ‘ফুটবে’! ফুটন্ত গরমে সেলিব্রিটিদের ফেসবুক স্ট্যাটাস, ‘এমন দিনে তবে বলা যায়, এমন কড়া গরমেতে হায়, তোমরা আমার ফ্যান হইয়ো না, এসি হও!’ মোহনের মাথার টাক নিয়ে বন্ধুরা তাকে খ্যাপাতাম; বলতাম, ‘হাইটাক পার্ক’! কফি হাউসের গানটির ‘সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে’-র মতো বলতে হয়, ‘মোহনই আজ শুধু সবচেয়ে সুখে আছে’! গরমেও ন্যাচারাল আলো-হাওয়ায় পরিপুষ্ট তার টাক ঝাঁকিয়ে বলে, ‘মানুষের মাথায় চুল আর বুদ্ধি একসঙ্গে থাকতে পারে না!’
গরমে যে একটু স্বস্তি করব, তারও উপায় নাই। ডাব হাতে নেওয়া মানেই অজ্ঞান পার্টির হাতে নিজেকে তুলে দেওয়া! এ ছাড়া আইন যেমন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, তেমনি গরমকালে কফির মগ ও বিভিন্ন কোমল পানীয়র বোতল বা ডিব্বা হাতে তুলে নেওয়া ঠিক না। প্রেস্টিজে লাগলেও এমন ভয়ংকর গরমে স্যালাইন ‘হ্যাঁ’ লাইনে থাকতে পারে।
আষাঢ় মানেই বাসার সামনে রাস্তা কাটাকুটি; সেসব থেকেও আসে ময়লার গন্ধ। এসব দৃশ্য ‘আষাঢ়ে গরমের’ তেজ যেন শতগুণ বাড়িয়ে দেয়! নাগরিক জীবনে তৈরি করে আষাঢ়ে দুঃস্বপ্ন। পরিবেশে বর্জ্য ছিটিয়ে, গ্রিনহাউস গ্যাস ছড়িয়ে, গাছপালা কেটেকুটে আমরা তো আবহাওয়ার নাওয়া-খাওয়াই বন্ধ করে দিয়েছি! এমন চলতে থাকলে এককালে ছয় ঋতুকালই আমাদের জন্য ‘কাল’ হয়ে দাঁড়াবে। তখন আফসোস নিয়ে বলতে হবে, ‘কাল তিনটি! দাবদাহকাল, বন্যাকাল এবং শৈত্যপ্রবাহকাল’! তাই আসুন, প্রকৃতিকে স্বস্তি দিই, নিজেরাও স্বস্তি নিই।